শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে প্রশ্নের জবাবে বিষয়টিকে আইনি ও কারিগরি বিষয় হিসেবে উল্লেখ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আইন অনুযায়ী এ বিষয়ে সমাধান করা হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে জানতে চান। পাশাপাশি দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার বৈঠকে বিষয়টি আলোচনায় আসবে কি না, তা-ও জানতে চান তিনি।
জবাবে জয়সওয়াল বলেন, ‘এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’
শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে এ বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা বা সমঝোতার সুযোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভ্রমণের জন্য প্রয়োজনীয় নথিপত্র থাকতে হয়। বিষয়টি কারিগরি বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে ভারতের ভূমিকা ও বাংলাদেশের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে আরেক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা উচিত। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানাতে হাইকমিশনই উপযুক্ত কর্তৃপক্ষ।
শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে দুই দেশের সর্বশেষ আলোচনার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল আবারও বলেন, এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সম্প্রতি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য তিনি আবেদন করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি সোমবার আবেদন করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে একাধিকবার চিঠি দিয়েছে বাংলাদেশ।
-6af2d7923102d.jpg)