মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
শান্তি চুক্তির আশায় আবুধাবিতে মুখোমুখি রাশিয়া-ইউক্রেন প্রতিনিধিরা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শান্তি আলোচনা শুরু করতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া দুই দিনের এ বৈঠকে আলোচনার মূল বিষয় থাকবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা। চলতি বছরের ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো আবুধাবিতে বসছে দুই দেশের প্রতিনিধিরা।
বছরের শুরুর দিকে কয়েক দফা আলোচনার পর নতুন এই উদ্যোগকে যুদ্ধ অবসানে শান্তি প্রতিষ্ঠার আরেকটি প্রচেষ্টা হিসেবে দেখছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকেরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তিনি এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনাভিত্তিক সমাধান খুঁজছেন।
কুশনার বলেন, এ আলোচনার মাধ্যমে একটি সার্বভৌম, নিরাপদ ও সমৃদ্ধ ইউক্রেন গড়ে তোলার পরিবেশ তৈরি হবে। একই সঙ্গে ইউরোপের নিরাপত্তাব্যবস্থা আরও স্থিতিশীল হবে।
শান্তির শর্ত নিয়ে দুই পক্ষের বড় বিরোধ
প্রায় পাঁচ বছরে গড়ানো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি চুক্তির শর্ত নিয়ে মস্কো ও কিয়েভের অবস্থানে এখনো বড় ধরনের অমিল রয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, ইউক্রেনকে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন—এই চার অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। ২০২২ সালের সেপ্টেম্বরে অঞ্চলগুলোকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করলেও এখন পর্যন্ত সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি মস্কো।
এ ছাড়া ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টা ত্যাগ, সামরিক সক্ষমতার ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ এবং দেশটিতে রুশ ভাষা ও মস্কোপন্থী অর্থোডক্স চার্চের ওপর বিধিনিষেধ তুলে নেওয়ার দাবি জানিয়েছেন পুতিন।
এসব শর্তের ভিত্তিতে একটি সামগ্রিক শান্তি চুক্তি চান রুশ প্রেসিডেন্ট। তবে সরাসরি যুদ্ধবিরতিতে রাজি নন তিনি। পুতিনের যুক্তি, যুদ্ধবিরতি হলে ইউক্রেনীয় সেনারা বিশ্রাম নেওয়া এবং নতুন করে অস্ত্রের মজুত গড়ে তোলার সুযোগ পাবে। শান্তির শর্ত মেনে নেওয়া না হলে শক্তি প্রয়োগের মাধ্যমে লক্ষ্য অর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চার অঞ্চল ছেড়ে দেওয়ার রুশ দাবি প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে ইউক্রেনের সামরিক সক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপের প্রস্তাবেও আপত্তি জানিয়েছেন তিনি।
পশ্চিমা অংশীদারদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা সহযোগিতায় সীমাবদ্ধতা আরোপের রুশ দাবিও প্রত্যাখ্যান করেছে কিয়েভ। ইউক্রেনের মতে, রুশ আগ্রাসন প্রতিরোধে পশ্চিমা দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া বৃহত্তর শান্তি চুক্তির পথে এগিয়ে যেতে হলে প্রথমেই যুদ্ধবিরতি কার্যকর করতে হবে বলে মনে করে দেশটি।
আঞ্চলিক বিরোধ নিষ্পত্তিতে পুতিন ও জেলেনস্কির সরাসরি বৈঠকের ওপরও গুরুত্ব দিয়েছে কিয়েভ।
অভিজ্ঞ আলোচকদের পাঠাচ্ছে দুই দেশ
আবুধাবির আলোচনায় দুই দেশের প্রতিনিধি দলে আগের সংলাপগুলোতে অংশ নেওয়া অভিজ্ঞ কর্মকর্তাদের রাখা হয়েছে।
রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি। ২০২২ সালের মার্চে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে প্রথম সরাসরি শান্তি আলোচনার সময় থেকেই রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি।
রুশ দলে আরও রয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও মিখাইল গালুজিন, সামরিক গোয়েন্দা প্রধান ইগর কোস্তিউকভ এবং জেনারেল স্টাফের অপারেশনাল বিভাগের উপপ্রধান ইউরি ঝিগারলভস্কি।
অন্যদিকে, ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান রুস্তেম উমেরভ। আগের আলোচনাগুলোতেও অংশ নিয়েছিলেন তিনি। প্রতিনিধি দলে আরও রয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ কিরিলো বুদানভ, তার ডেপুটি সের্গেই কিসলিতসিয়া এবং ক্ষমতাসীন সার্ভেন্ট অব দ্য পিপল পার্টির পার্লামেন্টারি নেতা দাভিদ আরাখামিয়া।
সূত্র: এপি