EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

জ্বালানি নিরাপত্তায় ১.৫ বিলিয়ন ডলারের প্রকল্প ভারতের

প্রকল্পের আওতায় ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে দেশজুড়ে ৯২ গিগাওয়াট-ঘণ্টা গ্রিড-স্কেল শক্তি সঞ্চয় সক্ষমতা গড়ে তোলা হবে

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

জ্বালানি নিরাপত্তায় ১.৫ বিলিয়ন ডলারের প্রকল্প ভারতের

ছবি: সংগৃহীত

অ অ

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে বিদ্যুৎ সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ভারত। এ লক্ষ্যে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি প্রকল্প ঘোষণা করেছে দেশটির সরকার। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় নরেন্দ্র মোদি সরকার।

প্রকল্পের আওতায় ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে দেশজুড়ে ৯২ গিগাওয়াট-ঘণ্টা গ্রিড-স্কেল শক্তি সঞ্চয় সক্ষমতা গড়ে তোলা হবে। এর মধ্যে ৬০ গিগাওয়াট-ঘণ্টা পাম্পড হাইড্রো, ৩০ গিগাওয়াট-ঘণ্টা ব্যাটারি এবং বাকি ২ গিগাওয়াট-ঘণ্টা নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হবে। এ উদ্যোগের ফলে আগামী পাঁচ বছরে জ্বালানি খাতে প্রায় ১০ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ আসবে বলে আশা করছে সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকল্পের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এ উদ্যোগ প্রায় ১ লাখ কোটি রুপির বিনিয়োগ ত্বরান্বিত করবে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং ভারতের শক্তি নিরাপত্তা বাড়াবে।

ভারত ২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার এবং ২০৩০ সালের মধ্যে অ-জীবাশ্ম জ্বালানি থেকে ৫০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে দেশটির বিশাল জ্বালানি চাহিদা মেটাতে এখনো কয়লার ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) তথ্য অনুযায়ী, চীন ও যুক্তরাষ্ট্রের পর ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ।

ইউএনইপির এমিশন গ্যাপ রিপোর্ট ২০২৪ অনুযায়ী, ২০২৩ সালে ভূমি ব্যবহার ও বন খাত বাদে ভারতের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ছিল প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য। তবে দেশটির জনপ্রতি নিঃসরণ ৩ দশমিক ১ টন, যা বৈশ্বিক গড় ৬ দশমিক ৪ টনের অর্ধেকেরও কম। এ অবস্থায় ২০০৫ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে জিডিপির প্রতি ইউনিটে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের তীব্রতা ৪৫ শতাংশ কমানোর লক্ষ্য নিয়ে কাজ করছে মোদি সরকার।

নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে ভারত ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০২৪ সালের জুলাইয়ের সরকারি তথ্য অনুযায়ী, দেশটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেকের বেশি অ-জীবাশ্ম জ্বালানি উৎস থেকে আসছে। সেপ্টেম্বর পর্যন্ত দেশটির সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ১৭১ গিগাওয়াট এবং ক্ষুদ্র ও বৃহৎ জলবিদ্যুতের সম্মিলিত সক্ষমতা প্রায় ৫৭ গিগাওয়াটে পৌঁছেছে।

তবে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়লেও বিদ্যুৎ সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। দিনের বেলায় সৌরবিদ্যুতের উৎপাদন বেশি হলেও চাহিদা তুলনামূলক কম থাকে। সন্ধ্যায় উৎপাদন বন্ধ হলে চাহিদা বেড়ে যায়। এ সময় সঞ্চিত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব না হওয়ায় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কয়লাভিত্তিক কেন্দ্রের ওপর নির্ভর করতে হয়।

ভারত সরকারের প্রাক্কলন অনুযায়ী, ২০৩১-৩২ সালের মধ্যে দেশটির ৪১১ গিগাওয়াট-ঘণ্টা গ্রিড-স্কেল শক্তি সঞ্চয় সক্ষমতা প্রয়োজন হবে। এর মধ্যে ২৩৬ গিগাওয়াট-ঘণ্টা ব্যাটারি এবং ১৭৫ গিগাওয়াট-ঘণ্টা পাম্পড হাইড্রো স্টোরেজ থেকে আসতে হবে। তবে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের হিসাবে, ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতে চালু ব্যাটারি স্টোরেজ সক্ষমতা ছিল মাত্র ৯ দশমিক ১ গিগাওয়াট-ঘণ্টা।

নতুন প্রকল্পের মাধ্যমে ব্যাটারি সংরক্ষণ প্রযুক্তির দেশীয় উৎপাদন বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমানোর পরিকল্পনা রয়েছে। এ জন্য ব্যাটারি স্টোরেজ প্রকল্পে অন্তত ৪০ শতাংশ দেশীয় উপাদান ব্যবহারের বাধ্যবাধকতা রাখা হয়েছে।

এ ছাড়া ব্যাটারি শিল্পের কাঁচামাল নিশ্চিত করতে ৩০০ মিলিয়ন ডলারের আরেকটি প্রকল্প অনুমোদন করেছে সরকার। এর আওতায় লিথিয়াম ও নিকেলের মতো চারটি গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপন করা হবে। এসব উদ্যোগের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদারের পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি ও শক্তি সঞ্চয় শিল্পের বিকাশ ঘটাতে চায় ভারত সরকার।

আরও পড়ুন