EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানের সামরিক শক্তি ধ্বংস, যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪২ এএম

ইরানের সামরিক শক্তি ধ্বংস, যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

ছবি: সংগৃহীত

অ অ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের সামরিক সক্ষমতা ও নেতৃত্ব ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান চান তিনি।

সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। খবর আলজাজিরার।

ট্রাম্প বলেন, সামরিকভাবে ইরান কার্যত শেষ। যুক্তরাষ্ট্র এখন শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছে। ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধে একটি দীর্ঘমেয়াদি সমাধান প্রয়োজন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোও বর্তমান পরিস্থিতি বজায় রাখতে চায়।

প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত রয়েছে বলেও জানান ট্রাম্প। তবে এই মুহূর্তে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছেন না তিনি। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে তাঁদের কথা হয়েছে। আলোচনাকে ইতিবাচক বলেও উল্লেখ করেন তিনি।

তবে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইরানের কর্মকর্তারা। তাঁরা মার্কিন প্রেসিডেন্টের দাবিকে ভুয়া খবর বলে অভিহিত করেছেন।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করেছে। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান পরিস্থিতির অবসান চান। তিনি পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেন। পেজেশকিয়ান বলেন, ইরান আলোচনায় বসতে প্রস্তুত। তবে কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এতে আন্তর্জাতিক বাণিজ্যেও ব্যাপক প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে তেল, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্য পরিবহণ করা হয়।

এর পাশাপাশি কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা।

আরও পড়ুন