EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ট্রাম্পের সংযত বার্তায় বিশ্ববাজারে কমল তেলের দাম

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম

ট্রাম্পের সংযত বার্তায় বিশ্ববাজারে কমল তেলের দাম

ছবি: সংগৃহীত

অ অ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানে নতুন করে হামলার বিষয়ে সংযত অবস্থানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ বক্তব্যের পর বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম।

সোমবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৬ ডলার ৯১ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ শতাংশ কমে ৮৯ ডলার ৮৫ সেন্টে দাঁড়ায়।

এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৬ শতাংশ কমেছিল। করোনাভাইরাস মহামারি শুরুর পর এক সপ্তাহের হিসাবে তেলের দামের এটিই ছিল সবচেয়ে বড় পতন।

ভারতের নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এসএস ওয়েলথস্ট্রিটের প্রতিষ্ঠাতা সুগন্ধা সচদেভা বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো পূর্ণাঙ্গ সমঝোতা হয়নি। তবে সংঘাত কমে আসতে পারে—এমন আশাবাদ তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমছে।

তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে তেলের দামে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব থেকেই যাবে বলে মনে করেন তিনি। ফলে সংঘাত কমার আভাস থাকলেও তেলের বাজারে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।


গত রবিবার ট্রাম্প বলেন, সংঘাত বন্ধে আলোচনা এগিয়ে চললে ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও হামলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

অন্যদিকে ইরান জানিয়েছে, তাদের ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানবে তারা।

বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য আগের তুলনায় সংযত। তবে মধ্যবর্তী নির্বাচনের পর সংঘাত নিয়ে তার অবস্থানে স্থায়ী কোনো পরিবর্তন এসেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে বিনিয়োগ ব্যাংক জেপি মরগান জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বৃদ্ধি, অন্যান্য দেশের উৎপাদন বাড়া এবং চাহিদা কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের উদ্বৃত্ত তৈরি হচ্ছে।

প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, গত সেপ্টেম্বরে প্রতিদিন ১১ লাখ ব্যারেল তেলের উদ্বৃত্ত থাকলেও অক্টোবরে তা বেড়ে ১৪ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

আরও পড়ুন