EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গড়তে পারবেন আইজেনকোট?

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গড়তে পারবেন আইজেনকোট?

ছবি: সংগৃহীত

অ অ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে হটিয়ে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট। গতকাল রবিবার দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব দেন। এ সময় তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের একটি স্থিতিশীল সরকার প্রয়োজন।

দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইজেনকোট লেখেন, ‘এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের সময়। আমরা যেন এই দায়িত্ব পালনের যোগ্য হয়ে উঠতে পারি, সে জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব।’

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সরকার গঠনে জটিল সমীকরণের মুখে পড়েছে রাজনৈতিক দলগুলো।

আইজেনকোট তাঁর সরকারে নেতানিয়াহুর লিকুদ পার্টির পাশাপাশি অর্থমন্ত্রী ও কট্টর ডানপন্থী নেতা বেজালেল স্মোত্রিচের দলকেও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তাঁর শর্ত, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কেবল তিনিই।

নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন। আরব নেতাদের নেতৃত্বাধীন রাআম ও জয়েন্ট লিস্টের ১৯টি আসন যোগ করলে সংখ্যাটি দাঁড়ায় ৬৭। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১টি আসন। তবে আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনে আইজেনকোটের জোটের শরিকদের মধ্যেই আপত্তি রয়েছে।

ফলে সরকার গঠন নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে দর-কষাকষি শুরু হয়েছে। আরব দলগুলোর সমর্থন নেওয়া, অতি রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে সমঝোতা কিংবা নেতানিয়াহুকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন—প্রতিটি পথেই রয়েছে রাজনৈতিক বাধা। এসব উদ্যোগ ব্যর্থ হলে দেশটিতে আবার নির্বাচন হতে পারে। তত দিন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।

সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সংকট

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকা নেতানিয়াহু বিরতি দিয়ে প্রায় দুই দশক ধরে দেশটির শাসনক্ষমতায় ছিলেন।

এবারের নির্বাচনে তাঁর লিকুদ পার্টি ২৭টি আসন পেয়েছে, যা একক দল হিসেবে সর্বোচ্চ। ধর্মীয় ও জাতীয়তাবাদী মিত্রদের নিয়ে নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৫৩। তবে জোটের শরিক ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় কোনো পক্ষকে সমর্থন না দেওয়ার কথা জানিয়েছে। দলটির আসন সাতটি। এতে সরকার গঠনের দৌড়ে পিছিয়ে পড়েছেন নেতানিয়াহু।

প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করেন। এসব দলের মোট আসন ৬৭। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করা দলগুলোর আসনসংখ্যা ৪৬।

আরব দলগুলোর সমর্থনই বড় ভরসা

নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রাখতে রাআম ও জয়েন্ট লিস্টের নেতারা আইজেনকোটের সঙ্গে কাজ করতে আগ্রহী। মন্ত্রিসভায় যোগ না দিয়েও বাইরে থেকে তাঁরা সরকারকে সমর্থন দিতে পারেন। এতে আইজেনকোটের সরকার গঠন ও ক্ষমতায় টিকে থাকার সুযোগ তৈরি হতে পারে।

তবে আইজেনকোটের জোটের ডানপন্থী দল ইসরায়েল বেইতেনুর নেতা অ্যাভিগদর লিবারম্যান আরব দলগুলোর সমর্থননির্ভর সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন। আইজেনকোটও নির্বাচনী প্রচারে আরব দলগুলোকে সরকারে না নেওয়ার অঙ্গীকার করেছিলেন। যদিও তাঁর জোটের মধ্যবামপন্থী দল দ্য ডেমোক্র্যাটস প্রকাশ্যে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছে।


৬১ আসনের সমীকরণ মেলানোই চ্যালেঞ্জ

নেতানিয়াহুর জোটের অতি রক্ষণশীল দুই ইহুদি দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের মোট আসন ১৩টি। তাদের সমর্থন পেলে আইজেনকোটের জোটের আসনসংখ্যা দাঁড়াবে ৬১-তে। তবে এ ক্ষেত্রে বড় বাধা ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তি থেকে অব্যাহতি দেওয়ার প্রশ্ন।

আইজেনকোট ও লিবারম্যান এই অব্যাহতির সমালোচক। তবে গত শুক্রবার লিবারম্যান সমঝোতার ইঙ্গিত দিয়েছেন। সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, সবকিছু একসঙ্গে পাওয়া যায় না। আইজেনকোটও সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তির বিকল্প হিসেবে বেসামরিক জাতীয় সেবার প্রস্তাব দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, এসব উদ্যোগ ব্যর্থ হলে আইজেনকোটের সামনে নেতানিয়াহুর লিকুদ পার্টিকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের বিকল্প থাকবে। তবে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই ছিল আইজেনকোটের জোটের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। ফলে এ সম্ভাবনাও আপাতত ক্ষীণ।

সরকার গঠনে আইজেনকোটের হাতে ২৮ দিন

নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যদের মঙ্গলবার শপথ নেওয়ার কথা রয়েছে। সরকার গঠনের জন্য আইজেনকোট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। প্রেসিডেন্ট চাইলে এ সময় আরও ১৪ দিন বাড়াতে পারবেন। তবে নতুন সরকারকে নেসেটে আস্থা ভোটে জয়ী হতে হবে।

আইজেনকোট ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কাউকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারবেন। এ ক্ষেত্রে সম্ভবত সুযোগ পেতে পারেন নেতানিয়াহু। দ্বিতীয় প্রার্থীও সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। তবে তাঁর ক্ষেত্রে সময় বাড়ানোর সুযোগ থাকবে না।

দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হলে ২১ দিনের মধ্যে অন্তত ৬১ জন পার্লামেন্ট সদস্য লিখিতভাবে একজন প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবেন। ওই প্রার্থী সরকার গঠনের জন্য ১৪ দিন সময় পাবেন।

এই প্রক্রিয়াতেও সরকার গঠন সম্ভব না হলে পার্লামেন্ট স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে। এরপর ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। তত দিন বিদায়ী সরকার দায়িত্ব পালন করবে।

২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে ইসরায়েলে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবার নতুন নির্বাচন এড়ানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট হারজগ। ফলে নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রাখার অভিন্ন লক্ষ্য নিয়ে জোটের শরিকরা নিজেদের মতপার্থক্য দূর করতে পারেন কি না, তার ওপরই অনেকটা নির্ভর করছে আইজেনকোটের সরকার গঠনের সাফল্য।

সূত্র: রয়টার্স ও এএফপি।

আরও পড়ুন