মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৭ আহত ১১২
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ এএম
ছবি: সংগৃহীত
মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। নিহতদের মধ্যে দুই ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন।
রবিবার এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয়।
পৃথক এক বিবৃতিতে মিসরের পরিবহন মন্ত্রণালয় জানায়, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় দুর্ঘটনাটি ঘটে। ট্রেন দুটির একটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফায়ুম প্রদেশের দিকে যাচ্ছিল। অন্যটি দক্ষিণের আসওয়ান প্রদেশের উদ্দেশে রওনা হয়েছিল। এ সময় ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়।
রবিবার গভীর রাতে প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, দুর্ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, একই লাইনে একই অভিমুখে চলতে থাকা কায়রো-আসওয়ানগামী ট্রেনের শেষ বগির সঙ্গে গিজা-ফায়ুমগামী ট্রেনটির সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
মিসরে প্রায়ই ট্রেন লাইনচ্যুত হওয়া ও দুর্ঘটনার ঘটনা ঘটে। দেশটির রেলওয়ে ব্যবস্থায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং সরঞ্জামের দুর্বল রক্ষণাবেক্ষণের ইতিহাস রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে রেল যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার।
দুর্ঘটনাস্থলের কাছের কাফর গিরজা গ্রামের বাসিন্দা আইমান জামাল জানান, সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন এবং অ্যাম্বুলেন্স ডাকেন।
তিনি জানান, প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। এ ছাড়া স্থির অবস্থায় থাকা একটি ট্রেনের বগিতে কয়েকজন যাত্রী আটকা পড়েছিলেন। উদ্ধারকারীরা পরে তাদের মৃত অবস্থায় দেখতে পান।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।
মিসরীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এর আগে গত সেপ্টেম্বরে একই জেলায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে এক চালক ও তাঁর সহকারী আহত হয়েছিলেন।
উল্লেখ্য, মিসরের ইতিহাসে ভয়াবহতম ট্রেন দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে। ওই সময় কায়রো থেকে দক্ষিণ মিসরগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।
সূত্র: এএফপি ও রয়টার্স।
-6af130c883820.jpg)