EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সৌদি আরব থেকে এক সপ্তাহের মধ্যে ৯৫৮৯ অভিবাসীকে দেশে ফেরত

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

সৌদি আরব থেকে এক সপ্তাহের মধ্যে ৯৫৮৯ অভিবাসীকে দেশে ফেরত

ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা সংক্রান্ত আইনি বিধিমালা অমান্য করার কারণে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৯ হাজার ৫৮৯ জন অনিয়মিত অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো বা ডিনোট (বহিষ্কার) করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির ওপর ভিত্তি করে সংবাদমাধ্যম গালফ নিউজ রবিবার (৮ নভেম্বর) এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

গত ২৯ অক্টোবর থেকে গত ৪ নভেম্বর পর্যন্ত সৌদি আরব জুড়ে চালানো যৌথ নিরাপত্তা অভিযানে হাজার হাজার অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে। এই সময়ের মধ্যে মোট ধরা পড়া অপরাধের মধ্যে আবাসন সংক্রান্ত বিধিমালা লঙ্ঘন ৬ হাজার ৪৩টি, সীমান্ত নিরাপত্তা আইন অমান্য ৩ হাজার ১৯১টি, শ্রম আইনের শর্ত লঙ্ঘনের দায়ে ২ হাজার ৩৫৩টি।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে সৌদি ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টাকালে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ১,৬৭৮ জন আটক হয়েছেন।

বিপরীতে, সীমান্ত পেরিয়ে গোপনে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছেন ১৮ জন।

এছাড়া অবৈধভাবে অবস্থানকারীদের যাতায়াতে সাহায্য করা, থাকার জায়গা দেওয়া কিংবা কাজে নিয়োগ করার অপরাধে ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বর্তমানে দেশটিতে গ্রেফতার হওয়া ৪১,১০৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ধারা মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে ৩৮,৮১৩ জন পুরুষ এবং ২,২৯৩ জন নারী অভিবাসী রয়েছেন।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ২৩,১৯৩ জনকে তাদের নিজেদের দেশের দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ট্রাভেল পারমিট বা জরুরি ভ্রমণ নথি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ৯,১৩৯ জনের চূড়ান্ত বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে এবং ৯,৫৮৯ জনকে ইতিমধ্যে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে বসবাসরত সবাইকে কঠোরভাবে সতর্ক করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ব্যক্তি যদি অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে ঢুকতে সাহায্য করে, অভ্যন্তরীণ যাতায়াতের ব্যবস্থা করে কিংবা আশ্রয় ও কোনো ধরনের সেবা প্রদান করে, তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

একই সঙ্গে গুণতে হতে পারে ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা।

পাশাপাশি অপরাধের সঙ্গে জড়িত যানবাহন এবং অপরাধীদের থাকার কাজে ব্যবহৃত বাড়ি বা সম্পত্তি রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। এই ধরনের কর্মকাণ্ডকে ক্ষমাহীন গুরুতর অপরাধ হিসেবে গণ্য করছে সৌদি প্রশাসন।

আরও পড়ুন