ইরান যুদ্ধে জড়িয়ে বড় ফাঁদে পড়েছে যুক্তরাষ্ট্র: আবদুল এল-সায়েদ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম
ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে বড় ধরনের ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ডেমোক্র্যাট নেতা ও সিনেটর আবদুল এল-সায়েদ। তার মতে, ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানো ওয়াশিংটনের বড় ভুল। এ সংঘাতে জড়িয়ে মার্কিন প্রশাসন দীর্ঘদিনের কূটনৈতিক সতর্কতা ও কৌশলগত অবস্থান থেকে সরে এসেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আবদুল এল-সায়েদ। এ সময় মার্কিন পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি ইসরায়েলি সরকারকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার ক্ষেত্রে আরও কঠোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
সাক্ষাৎকারে ইরান সংঘাত প্রসঙ্গে আবদুল এল-সায়েদ বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি সংঘাতে জড়িয়ে পড়েছে, যা দেশটির জন্য সুপরিকল্পিত ফাঁদে পরিণত হয়েছে। অতীতে মার্কিন প্রেসিডেন্টরা যেকোনো মূল্যে ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে চলতেন। কিন্তু বর্তমান প্রশাসন সেই দীর্ঘদিনের কূটনৈতিক সতর্কতা উপেক্ষা করে ভুল পথে এগোচ্ছে।
মার্কিন এই আইনপ্রণেতার অভিযোগ, বিদেশি এক প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে মার্কিন প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়তে কার্যত বাধ্য করেছেন। কয়েক দশক ধরেই ওই প্রধানমন্ত্রী মার্কিন প্রশাসনকে ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর চেষ্টা চালিয়ে আসছিলেন বলেও দাবি করেন তিনি।
আবদুল এল-সায়েদের মতে, ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার পেছনে মার্কিন স্বার্থের চেয়ে ইসরায়েলি সরকারের প্রভাব বেশি গুরুত্ব পেয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রনীতি ও সামরিক সহায়তার সিদ্ধান্তে ওয়াশিংটনের নিজস্ব স্বার্থ এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
সূত্র: রয়টার্স।