সিলেট, নোয়াখালী ও চট্টগ্রাম বন্দর দখলের হুমকি বিজেপি নেতার
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট দখলের হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোকসভা সদস্য নিশিকান্ত দুবে। তার অভিযোগ, দেশভাগের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এসব অঞ্চল পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন। এখন ভারতের স্বার্থে এসব ভূখণ্ড ফিরিয়ে আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিজেপির এই সংসদ সদস্য।
নিশিকান্ত দুবের দাবি, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম একসময় ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। দেশভাগের সময় ত্রিপুরার রাজপরিবার, বিশেষ করে মহারানি কাঞ্চনপ্রভার সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই এসব অঞ্চল পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়।
তিনি দাবি করেন, মহারাজা বীর বিক্রম দেবের মৃত্যুর পর মহারানি কাঞ্চনপ্রভাকে অন্ধকারে রেখেই এসব ভূখণ্ড হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তার প্রশ্ন, র্যাডক্লিফ লাইন কিংবা ম্যাকমোহন লাইনের কোন ভিত্তিতে এসব অঞ্চল পাকিস্তানকে দেওয়া হয়েছিল।
বিজেপির এই সংসদ সদস্যের অভিযোগ, ভারতের ভূখণ্ড হারানোর বিষয়টি শুধু পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের অন্তর্ভুক্ত কিছু অঞ্চলও ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে সংশ্লিষ্ট ছিল।
সাক্ষাৎকারে নিশিকান্ত দুবে বলেন, ‘এখন কেবল পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের হাত থেকে ফিরিয়ে আনা নয়, বরং নেহরু যে অঞ্চলগুলো জোরপূর্বক হস্তান্তর করেছিলেন—নোয়াখালী, চট্টগ্রাম বন্দর বা সিলেট, সেগুলোও ফিরিয়ে আনার সময় হয়েছে।’
চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার ফিরে পেলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও দাবি করেন তিনি। তার মতে, ভারতের সামগ্রিক উন্নয়নের স্বার্থেই চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট দখলে নেওয়া প্রয়োজন।
সূত্র: দ্য হিন্দু