আইজেনকোটের পক্ষে ৬৭ নেসেট সদস্যের সমর্থন, কোণঠাসা নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে পার্লামেন্টে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত করেছেন গাদি আইজেনকোট। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনা শেষে নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) ১২০ জন সদস্যের মধ্যে ৬৭ জনের আনুষ্ঠানিক সুপারিশ পেয়েছেন তিনি।
এর মধ্য দিয়ে দেশটিতে পরবর্তী সরকার গঠনের ম্যান্ডেট পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন আইজেনকোট। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেছেন মাত্র ৪৬ জন আইনপ্রণেতা। ঐতিহ্যগতভাবে নেতানিয়াহুর জোটে থাকা দল ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ এবার কোনো প্রার্থীর পক্ষেই সুপারিশ করেনি।
বৃহস্পতিবার দলগুলোর সঙ্গে আলোচনা শেষে প্রেসিডেন্ট হারজগ জানান, সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা তিনি আগামী রবিবার ঘোষণা করবেন। তিনি বলেন, সরকার গঠনের বাস্তব সক্ষমতা কার রয়েছে—আইন অনুযায়ী তা নির্ধারণের এখতিয়ার প্রেসিডেন্টের।
এবারের প্রক্রিয়ায় অন্যতম উল্লেখযোগ্য বিষয় হলো, আরব সংখ্যাগরিষ্ঠ সব দলই নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আইজেনকোটকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মনসুর আব্বাসের ইউনাইটেড আরব লিস্টের (ইউএএল) পাশাপাশি আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্টও তাকে সুপারিশ করেছে।
জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসুফ জাবারিন জানান, তারা মন্ত্রিসভায় কোনো পদ না চেয়ে বাইরে থেকেই এই সরকারকে সমর্থন দিতে প্রস্তুত। আরব দলগুলো ছাড়াও দ্য ডেমোক্র্যাটস, ইসরায়েল বেইতেনু, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘টুগেদার’ এবং আইজেনকোটের নিজস্ব দল ‘ইয়াশার’ তার পক্ষে দাঁড়িয়েছে।
আলোচনাকালে নাফতালি বেনেটের দল নেতানিয়াহুকে ক্ষমতায় টিকিয়ে রাখবে—এমন কোনো জাতীয় ঐক্য সরকারের ধারণা পুরোপুরি নাকচ করে দেয়। ইয়াশার-এর প্রতিনিধি ও শিন বেতের সাবেক প্রধান ইয়োরাম কোহেন নেতানিয়াহুকে জাতীয় ঐক্যের ‘প্রধান অন্তরায়’ হিসেবে অভিহিত করেন।
লিকুদ পার্টির পরিবহনমন্ত্রী মিরি রেগেভ বিরোধী জোটকে ‘বিপর্যয়ের বলয়’ আখ্যা দিলে প্রেসিডেন্ট হারজগ তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে সংযত ভাষা ব্যবহারের তাগিদ দেন।
দলগুলোর এই পরামর্শ প্রক্রিয়ার মধ্য দিয়েই বিদায়ী সরকারের ওপর পার্লামেন্টের নিয়ন্ত্রণ হারানোর চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। আইজেনকোটের অনুসারী দলগুলো বর্তমান নেসেট স্পিকার ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ আমির ওহানাকে অপসারণের জন্য দ্রুত ভোটাভুটির দাবি জানিয়েছে।
ওহানা জানান, অন্তত ৬১ জন আইনপ্রণেতা আনুষ্ঠানিকভাবে অনুরোধ জমা দিলে তিনি এক সপ্তাহের মধ্যে এই ভোটের আয়োজন করবেন।
ইসরায়েলের মৌলিক আইন অনুযায়ী সরকার গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্টের হলেও ৬৭ জনের স্পষ্ট সমর্থন পাওয়ায় আইজেনকোটের সামনেই এখন নতুন সরকার গঠনের পথ সবচেয়ে উন্মুক্ত।