EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

দক্ষিণ এশিয়ার জলবায়ু সুরক্ষায় চীনের কার্যকর ভূমিকার আহ্বান

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম

দক্ষিণ এশিয়ার জলবায়ু সুরক্ষায় চীনের কার্যকর ভূমিকার আহ্বান

ছবি: সংগৃহীত

অ অ

বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ চীনকে দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে হিমালয় অঞ্চলের হিমবাহ গলে সৃষ্ট বন্যার ঝুঁকি মোকাবিলায় নেপাল ও ভারতের সঙ্গে তাৎক্ষণিক তথ্য বিনিময়, আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা এবং জলবায়ু অর্থায়নে চীনের আরও জোরালো ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দ্য ডিপ্লোম্যাটের এক বিশ্লেষণে এ আহ্বান জানানো হয়।

চীন বছরে প্রায় ১৩ দশমিক ১ বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে। এশিয়ায় নিঃসরণের দিক থেকেও দেশটি শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের বার্ষিক নিঃসরণের পরিমাণ প্রায় ৩ দশমিক ১৫ বিলিয়ন টন।

জলবায়ু পরিবর্তনবিষয়ক এক বিশ্লেষণে বলা হয়েছে, বিপুল পরিমাণ কার্বন নিঃসরণের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অভিন্ন পরিবেশব্যবস্থার উজানে অবস্থান এবং জলবায়ু প্রযুক্তিতে সক্ষমতার কারণেও এ অঞ্চলের দেশগুলোর প্রতি চীনের বিশেষ দায়িত্ব রয়েছে।

অন্যদিকে জলবায়ু পরিবর্তনে ঐতিহাসিকভাবে তুলনামূলক কম দায়ী হলেও দক্ষিণ এশিয়ার দেশগুলো তাপপ্রবাহ, বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো নানা ঝুঁকির মুখে রয়েছে।

২০২৬ সালের আগস্টে নেপালে আন্তসীমান্ত হিমবাহ হ্রদ থেকে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা তুলে ধরে বিশ্লেষণে বলা হয়েছে, চীনের ভূখণ্ডে থাকা প্রায় ২৫টি হিমবাহ হ্রদ নেপাল ও আশপাশের অঞ্চলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে চীনের গিরং কাউন্টি থেকে সৃষ্ট বন্যায় নেপালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল।

বিশ্লেষণে বলা হয়েছে, এসব ঘটনায় ঝুঁকির উৎপত্তি হচ্ছে উজানে, অথচ প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ভাটির দেশগুলো। এ পরিস্থিতিতে নদীর পানিপ্রবাহসংক্রান্ত তাৎক্ষণিক তথ্য বিনিময়, হিমবাহ পর্যবেক্ষণ এবং যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলার দায়িত্ব চীনের নেওয়া উচিত।

তবে এ ধরনের স্বচ্ছ জলবায়ু সহযোগিতার ক্ষেত্রে চীনের অনীহা ভারতের বন্যা ও পানিসংকটের ঝুঁকি বাড়াচ্ছে বলেও বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

চীন নিজেকে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর জলবায়ু নেতৃত্বের দাবিদার হিসেবে তুলে ধরলেও জলবায়ু অর্থায়নে দেশটির ভূমিকা আরও জোরালো হওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে প্রায় ৪৫ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে চীন। তবে জাতিসংঘের জলবায়ু কাঠামো সনদের অধীনে উন্নয়নশীল দেশ হিসেবে জলবায়ু অর্থায়নে দেশটির কোনো বাধ্যতামূলক দায়িত্ব নেই। ফলে এ খাতে চীনের সহায়তা মূলত স্বেচ্ছামূলক।

বিশ্লেষণে চীনের জ্বালানি নীতিরও সমালোচনা করা হয়েছে। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ অবস্থানে থাকলেও দেশটি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়িয়ে চলেছে। ২০২৫ সালে চীন নতুন করে ৭৮ গিগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত করেছে, যা কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।

এর ফলে নবায়নযোগ্য জ্বালানিতে অগ্রগতি সত্ত্বেও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমছে না। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ কেনার নিশ্চয়তা দেওয়ায় এসব কেন্দ্রের কার্যক্রম ও কার্বন নিঃসরণ অব্যাহত থাকছে।

বিশ্লেষণে বলা হয়েছে, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে অর্থনৈতিক সুবিধা চীন পেলেও বাড়তি কার্বন নিঃসরণের জলবায়ুগত ঝুঁকি বহন করতে হচ্ছে নেপাল, ভুটান ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোকে।

এতে আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের জন্য পশ্চিমা দেশগুলোর ঐতিহাসিক দায় বেশি হলেও ভৌগোলিক অবস্থান ও সক্ষমতার কারণে চীনের দায়িত্বও উপেক্ষা করার সুযোগ নেই। এ পরিস্থিতিতে নেপাল ও ভারতের সঙ্গে তাৎক্ষণিক পরিবেশগত তথ্য বিনিময়, আগাম সতর্কীকরণ অবকাঠামো নির্মাণে অর্থায়ন এবং দক্ষিণ-দক্ষিণ জলবায়ু অর্থায়নে সুনির্দিষ্ট অঙ্গীকার জরুরি।

আরও পড়ুন