EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানে কীসের জন্য লড়াই, জানে না মার্কিনিরা: চাক শুমার

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৫ এএম

ইরানে কীসের জন্য লড়াই, জানে না মার্কিনিরা: চাক শুমার
অ অ

ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত লক্ষ্য কী, তা মার্কিন জনগণ জানে না বলে মন্তব্য করেছেন দেশটির সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। তিনি বলেছেন, ইরানে চলমান সংঘাত যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতি ও খামখেয়ালি সিদ্ধান্তের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। শুমারের দাবি, দেশের ভেতরে ও বাইরে ট্রাম্পের সৃষ্ট বিশৃঙ্খলার জবাবদিহি চান মার্কিনিরা।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের তুলনামূলক সাফল্য এবং দেশটির সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শুমার।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে নির্বাচনী ফল ডেমোক্র্যাটদের পক্ষে যাওয়ার জন্য ট্রাম্পকে দায়ী করেন তিনি। শুমারের অভিযোগ, প্রেসিডেন্ট তাঁর সময়ের অর্ধেক ব্যয় করেছেন এমন সব বিষয় নিয়ে কথা বলে, যা ভোটারদের দৈনন্দিন জীবনের সঙ্গে কোনোভাবেই প্রাসঙ্গিক ছিল না।

ডেমোক্র্যাটদের নির্বাচনী সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শুমার বলেন, রিপাবলিকানরা স্বাস্থ্যসেবার ব্যয়, বিদ্যুৎ বিল, জ্বালানি ও ডিজেলের দাম বৃদ্ধির মতো সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নজর দেননি।

তিনি বলেন, ‘দেশ বর্তমানে যে পথে এগোচ্ছে, তা নিয়ে মার্কিনিরা ক্ষুব্ধ। দেশের ভেতরে ও বাইরে ট্রাম্পের সৃষ্ট বিশৃঙ্খলার জবাবদিহি নিশ্চিত করতে চান তাঁরা।’

ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে শুমার বলেন, ট্রাম্পের দুর্নীতি ও অস্থির বিচারবুদ্ধির কারণেই এ যুদ্ধের সূত্রপাত হয়েছে। এ সংঘাতে যুক্তরাষ্ট্রের ভেতরে ও বিদেশে মার্কিন নাগরিকদের প্রাণহানির বিষয়টিও উল্লেখ করেন তিনি।

শুমার বলেন, ‘ইরানে তারা কীসের জন্য লড়াই করছে, তা মার্কিন জনগণ জানে না। এই যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে।’

এ ছাড়া আইন ও জনগণের মতামত উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন আরও কোনো পদক্ষেপ নিলে তার বিরুদ্ধে তদন্ত শুরু করার হুঁশিয়ারি দেন সিনেটের এই নেতা। এ ক্ষেত্রে আইন প্রণয়নের মাধ্যমে প্রশাসনের কর্মকাণ্ডে কঠোর বাধা তৈরির কথাও জানান তিনি।

শুমার বলেন, ‘ট্রাম্পের প্রতি নতজানু সিনেটের দিন শেষ হয়ে গেছে।’

সূত্র: আলজাজিরা।

আরও পড়ুন