EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

চীনে বেল্ট অ্যান্ড রোড মিডিয়া সহযোগিতা ফোরাম অনুষ্ঠিত

আয়োজিত এ ফোরামে অংশ নেন ডেইলি সান-এর সম্পাদক রেজাউল করিম লোটাস

ডেইলি সান রিপোর্ট, চীন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

চীনে বেল্ট অ্যান্ড রোড মিডিয়া সহযোগিতা ফোরাম অনুষ্ঠিত

ছবি: ডেইলি সান

অ অ

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের ফুঝৌ শহরে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের বেল্ট অ্যান্ড রোড মিডিয়া সহযোগিতা ফোরাম। এতে বিশ্বের ১০০টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার ২০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন। ফোরামে যুক্ত হয় ১৮২টি গণমাধ্যম ও প্রতিষ্ঠান।

মঙ্গলবার (৩ নভেম্বর) আয়োজিত এ ফোরামে অংশ নেন ডেইলি সান-এর সম্পাদক রেজাউল করিম লোটাস।

‘বেল্ট অ্যান্ড রোডের পথে অভিন্ন উপলব্ধি ও অভিন্ন আকাঙ্ক্ষা’ প্রতিপাদ্যে ফোরামটি যৌথভাবে আয়োজন করে পিপলস ডেইলি ও ফুজিয়ান প্রাদেশিক সরকার। এতে উদ্বোধনী অনুষ্ঠান, তিনটি উপ-ফোরাম এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার অর্জন নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।

ফোরামে অংশগ্রহণকারীরা বলেন, চীনের প্রস্তাব থেকে বৈশ্বিক উদ্যোগে পরিণত হওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এখন আন্তর্জাতিক জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক সহযোগিতার পরিসর, বিস্তৃতি ও প্রভাবের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।

বক্তারা বলেন, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার ইতিবাচক দিকগুলো তুলে ধরতে বিভিন্ন দেশের গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। এ উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি নীতিগত যোগাযোগ, জনগণের মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়া বাড়াতেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা সংবাদ পরিবেশনা, যৌথ প্রতিবেদন তৈরি এবং গণমাধ্যমগুলোর মধ্যে মতবিনিময় জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে বাস্তব তথ্য-উপাত্তের ভিত্তিতে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরা এবং উন্নয়ন বিষয়ে ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

ফোরামে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড মিডিয়া সহযোগিতা: ফুঝৌ উদ্যোগ’ স্বাক্ষর করেন। এতে গণমাধ্যমগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে পাঁচটি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো—পারস্পরিক লাভজনক সহযোগিতা, ঐকমত্য গঠন, কনটেন্ট তৈরিতে যৌথ উদ্যোগ, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করা।

উদ্যোগটিতে বলা হয়, গত ১৩ বছরে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা চীনের একটি প্রস্তাব থেকে আন্তর্জাতিক পর্যায়ের বাস্তব উদ্যোগে পরিণত হয়েছে। বর্তমানে এটি উচ্চমানের উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

এতে বিভিন্ন দেশের গণমাধ্যমকে পেশাগত সততা বজায় রাখা, ব্যক্তিগত পক্ষপাত এড়িয়ে চলা এবং ভুল তথ্য শনাক্ত করে তা প্রত্যাখ্যান করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ইতিবাচক বিষয় তুলে ধরা এবং যৌক্তিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

যৌথ সাক্ষাৎকার, গণমাধ্যমকর্মীদের মধ্যে বিনিময়, তথ্য আদান-প্রদান এবং যৌথভাবে অনুষ্ঠান তৈরির জন্য বেল্ট অ্যান্ড রোড নিউজ নেটওয়ার্কের মতো বহুপক্ষীয় সহযোগিতা প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানানো হয়। মানসম্মত ও আকর্ষণীয় সংবাদ ও কনটেন্ট তৈরিতে বিস্তৃত, বৈচিত্র্যপূর্ণ এবং নিয়মিত সহযোগিতার কাঠামো গড়ে তোলার কথাও বলা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) নতুন তথ্যপ্রযুক্তির সুযোগ ও চ্যালেঞ্জ নিয়েও ফোরামে আলোচনা হয়। ডিজিটাল ও বুদ্ধিবৃত্তিক প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত কনটেন্টের প্রচার বাড়ানো এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার বিষয়গুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে বিভিন্ন সভ্যতার মধ্যে যোগাযোগের সেতু হিসেবে গণমাধ্যমকে কাজ করার আহ্বান জানানো হয়। এ জন্য সাংস্কৃতিক ও জনগণ পর্যায়ের বিনিময় বাড়ানোর পাশাপাশি তৃণমূল পর্যায়ে বিভিন্ন বিনিময় কার্যক্রম আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ফুজিয়ান প্রদেশের ‘ফু’ শব্দের অর্থ সৌভাগ্য বা আশীর্বাদ। ফোরামে বলা হয়, বিভিন্ন দেশের মানুষের কাছেই সৌভাগ্য ও উন্নত জীবনের আকাঙ্ক্ষা অভিন্ন। এই অভিন্ন আকাঙ্ক্ষাকে সেতুবন্ধ হিসেবে কাজে লাগিয়ে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে সংবাদ পরিবেশনায় অংশ নিতে বিভিন্ন দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়।

ফোরাম শেষে চীনা ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা ফুজিয়ানসহ দেশটির বিভিন্ন এলাকায় যৌথ সংবাদ সংগ্রহের সফরে অংশ নেবেন।

২০১৪ সাল থেকে পিপলস ডেইলি এ পর্যন্ত নয়টি বেল্ট অ্যান্ড রোড মিডিয়া সহযোগিতা ফোরামের আয়োজন করেছে। এসব ফোরাম বিশ্বের বিভিন্ন গণমাধ্যম, প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠনের মধ্যে আলোচনা ও সহযোগিতার সুযোগ তৈরি করেছে। পাশাপাশি মতবিনিময়, চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিন্ন উন্নয়নে ভূমিকা রেখেছে।

বিভিন্ন গণমাধ্যমের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড নিউজ নেটওয়ার্কের লক্ষ্য হলো পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও সহযোগিতা বাড়ানো।

ফোরামে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার তিনটি গুরুত্বপূর্ণ দিক—অংশীদারত্ব, সংযোগ ও সম্প্রীতি নিয়েও আলোচনা হয়। অংশীদারত্বের মাধ্যমে উদ্যোগটির লক্ষ্য বাস্তবায়ন, সংযোগের মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় দৃষ্টিভঙ্গি থেকে বেল্ট অ্যান্ড রোডের গল্প তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে, সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন মতামত ও কণ্ঠস্বরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলার কথা বলা হয়।

আরও পড়ুন