EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ডাকযোগে পাঠানো মেইল-ইন ব্যালট ও আগাম ভোটের মাধ্যমে বিপুলসংখ্যক নিবন্ধিত ভোটার ইতোমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু
অ অ

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৫টায় দেশটির পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভার্মন্টে সবার আগে ভোটগ্রহণ শুরু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভার্মন্টে স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা) ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়। এরপর নিউইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট, কেনটাকি ও মেইনসহ পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। অন্যান্য অঙ্গরাজ্যেও নিজস্ব সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে ভোটকেন্দ্র খোলা হচ্ছে।

ডাকযোগে পাঠানো মেইল-ইন ব্যালট ও আগাম ভোটের মাধ্যমে বিপুলসংখ্যক নিবন্ধিত ভোটার ইতোমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে ভোট হচ্ছে। পাশাপাশি উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি এবং দেশটির ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হবেন।

বর্তমানে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্টের চার বছর মেয়াদের মাঝপথে অনুষ্ঠিত এ নির্বাচনের ফলের ওপর নির্ভর করবে ট্রাম্প প্রশাসনের পরবর্তী দুই বছরের আইন প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও নীতি বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক অবস্থান।

এ কারণে ডেমোক্রেটিক ও রিপাবলিকান—উভয় দলের জন্যই নির্বাচনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হবে।

সূত্র: বিবিসি, এএফপি।

আরও পড়ুন