ইরানে ফের মার্কিন হামলা, বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এএম
ছবি: সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (৩ নভেম্বর) দিনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান সূচক ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১০৫ ডলার ২৫ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআইয়ের দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলার ৯৩ সেন্টে পৌঁছায়।
এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮ ডলার ৬৬ সেন্ট বা ৭ দশমিক ৬৩ শতাংশ কমে ১০৪ ডলার ৭৭ সেন্টে নেমে আসে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন মার্কিন কর্মকর্তা এ হামলাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তাঁদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের হুমকি মোকাবিলা এবং জাহাজে হামলা চালানোর সক্ষমতা সীমিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এই মূল্যবৃদ্ধি দেখা গেল। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে পরিস্থিতির ওপর নজর রাখছেন বাজারসংশ্লিষ্টরা।
-6ae946c412e0a.jpg)