EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, বাতাসের গতিবেগ ১২০ কিমি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ এএম

অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, বাতাসের গতিবেগ ১২০ কিমি

ছবি: সংগৃহীত

অ অ

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’। মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যরাতে রাজ্যটির প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগ অতিক্রমের প্রক্রিয়া শুরু হয়। এ সময় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত শুরু হয়।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টার দিকে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণ হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাত ১টা ৩০ মিনিটের আবহাওয়া বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছিল। এটি ওঙ্গোল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাভালি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাপাতলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে ছিল।

আইএমডি জানিয়েছে, নেলোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করছে। বুধবার সকাল পর্যন্ত উপকূলীয় ও সংলগ্ন এলাকায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এ ছাড়া বুধবার সকাল পর্যন্ত স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ১ দশমিক ৫ মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। এতে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলায় জলোচ্ছ্বাসের ঝুঁকি সবচেয়ে বেশি।

আরও পড়ুন