মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুদিন আগে ইরানে নতুন হামলার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডায় নিজের বাসভবনে গণমাধ্যমকে তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করা হয়েছে, তবে এক বা দুটি স্থাপনার বিষয়ে ব্যবস্থা নেওয়া বাকি।
রবিবার (১ নভেম্বর) বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, হামলা হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
ট্রাম্প বলেন, ‘আমরা চাইলে ১০ মিনিটেই তা করতে পারি।’ তিনি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’র কথাও উল্লেখ করেন। নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছে অবস্থিত এই পাহাড়ের গভীরে ইরানের গোপন পারমাণবিক স্থাপনা থাকার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে প্রায়ই আলোচনায় আসে। সুস্পষ্ট প্রমাণ নেই, আর ইরান সেখানে পারমাণবিক কার্যক্রমের কথা অস্বীকার করে আসছে। ট্রাম্পের দাবি, নতুন করে হামলার তাড়া নেই। তিনি আরও বলেন, আলোচনা ভালো এগোচ্ছে, তবে ইরান ‘খুব একটা নির্ভরযোগ্য নয়’।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার জানান, নতুন হামলা নিয়ে ট্রাম্প এখনো সিদ্ধান্ত নেননি এবং কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে। এর আগে ট্রাম্প ১৫ অক্টোবর জানিয়েছিলেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা হবে না।
শনিবার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেন। তিনি সামরিক কমান্ডারদের বলেন, যেকোনো হুমকির জবাব ‘তাৎক্ষণিক, কার্যকর ও ভৌগোলিক সীমানার তোয়াক্কা না করে’ দিতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান সরকার উৎখাতের ‘ঐতিহাসিক ও একবারই আসা সুযোগের’ কথা বলেছিলেন। ইসরায়েলে মঙ্গলবার সাধারণ নির্বাচন হলেও এখনো নতুন সরকার গঠিত হয়নি।
যুদ্ধ ঠেকাতে কাতার ও পাকিস্তান মধ্যস্থতা করছে, তবে স্থায়ী সমঝোতা হয়নি।