ভেনেজুয়েলার সেনা হামলায় নিহত ইএলএনের অন্তত ৯ সদস্য
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম
ভেনেজুয়েলার আপুরে রাজ্যে কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) একটি শিবিরে সেনাবাহিনীর হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা ফান্ডারেডেস। স্থানীয় বাসিন্দাদের ধারণা, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
শুক্রবার (৩০ অক্টোবর) চালানো এ হামলায় কয়েকজন নিহত হয়েছেন বলে শনিবার (৩১ অক্টোবর) জানিয়েছে বেসরকারি মানবাধিকার সংস্থা ফান্ডারেডেস।
সংস্থাটির পরিচালক হাভিয়ের তারাজোনা এএফপিকে জানান, প্রকাশিত ভিডিও দেখে তাঁদের এক কর্মী অন্তত নয়টি মরদেহ শনাক্ত করেছেন। ভিডিওতে আপুরে রাজ্যের একটি প্রত্যন্ত এলাকায় মরদেহ, উপড়ে পড়া গাছ ও শিবিরের ধ্বংসাবশেষ দেখা যায়। তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, হামলায় ইএলএনের আরও অন্তত ১০ জন যোদ্ধা নিহত হয়ে থাকতে পারেন।
তারাজোনার দাবি, গত জানুয়ারিতে মার্কিন অভিযানে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলার সেনাবাহিনী প্রথমবারের মতো দেশটির অভ্যন্তরে অবস্থানরত ইএলএন বিদ্রোহীদের ওপর হামলা চালাল। এ বিষয়ে মন্তব্য জানতে এএফপির পক্ষ থেকে ভেনেজুয়েলা সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।
২০১৬ সালে কলম্বিয়ার সরকার ও ফার্ক গেরিলা বাহিনীর মধ্যে শান্তিচুক্তির পর ইএলএন লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে পরিচিতি পায়। কলম্বিয়া ও ভেনেজুয়েলার দুই হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত এলাকায় ইএলএনসহ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী সক্রিয়। এসব গোষ্ঠীর মধ্যে মাদক পাচার ও অবৈধ খনির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ চলে।
