রাশিয়ার ঐতিহাসিক জাদুঘরে হামলার আশঙ্কা, সতর্ক করল যুক্তরাষ্ট্র
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১১:০৯ এএম
ঘুরতে আসা মানুষের ভিড়, ঐতিহাসিক স্থাপনা আর সবুজে ঘেরা পার্ক—রাশিয়ার মস্কোর সারিতসিনো মিউজিয়াম রিজার্ভের পরিচিত দৃশ্য এটি। তবে সেই পরিচিত পরিবেশ ঘিরেই তৈরি হয়েছে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ। জাদুঘরটিতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাস।
গত শনিবার (৩১ অক্টোবর) মস্কোর সারিতসিনো মিউজিয়াম রিজার্ভে হামলার আশঙ্কার কথা জানায় যুক্তরাষ্ট্রের দূতাবাস।
এক বিবৃতিতে দূতাবাস জানায়, মস্কোর দোলস্কায়া সড়কের ১ নম্বরে অবস্থিত জাদুঘর ও পার্ক এলাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। এ বিষয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে যুক্তরাষ্ট্র সরকার।
একই সঙ্গে সাধারণ মানুষকে জাদুঘর ও পার্ক এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস। পাশাপাশি সবাইকে সতর্ক থাকার এবং জনসমাগমপূর্ণ স্থান থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে মস্কোয় সম্ভাব্য সন্ত্রাসী হামলার প্রস্তুতি সম্পর্কে তথ্য পাওয়ার কথা জানিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি)।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের অংশীদারদের কাছ থেকে প্রচলিত যোগাযোগব্যবস্থার মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে এফএসবি।
মস্কোর দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক প্রাসাদ, জাদুঘর ও পার্ক কমপ্লেক্স সারিতসিনো মিউজিয়াম রিজার্ভটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে পার্কটিতে সাধারণ মানুষের প্রবেশও সীমিত করা হয়েছে।
এর আগে, ২০২৪ সালের মার্চেও মস্কোয় হামলার আশঙ্কার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের দূতাবাস। সে সময় উগ্রপন্থীদের হামলার পরিকল্পনা সম্পর্কে সতর্ক করা হয়েছিল।
এর কয়েক দিন পর মস্কোর বাইরে ক্রোকাস সিটি হল কনসার্ট হলে বন্দুকধারীরা হামলা চালান। ওই ঘটনায় ১৪০ জনের বেশি মানুষ নিহত হন।
সূত্র: রয়টার্স