EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানে নতুন হামলা হলে ইউরোপকে আরও বড় মূল্য দিতে হবে: আরাগচি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম

ইরানে নতুন হামলা হলে ইউরোপকে আরও বড় মূল্য দিতে হবে: আরাগচি
অ অ

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে ইউরোপের জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ইউরোর বেশি বেড়েছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তার এ বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, ইরানে নতুন করে হামলা চালানো হলে ইউরোপকে এর চেয়েও বড় অর্থনৈতিক মূল্য দিতে হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, গত বছরের জুনে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে স্বাগত জানিয়েছিলেন জার্মান চ্যান্সেলর। সে সময় মের্ৎস বলেছিলেন, ‘ইসরায়েল আমাদের সবার জন্য নোংরা কাজটি করছে।’

আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানো হলে ইউরোপের অর্থনৈতিক ক্ষতি আরও বহুগুণ বেড়ে যেতে পারে।

তিনি লেখেন, ‘১০০ বিলিয়ন ইউরো কিছুই নয়। আমাদের জনগণের ক্ষতি করার সাহস দেখালে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এমন আঘাত হানবে, যার অভিঘাতে বিশ্ব কেঁপে উঠবে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পুরোনো সীমারেখার দিন শেষ।’

এদিকে ইউরোপের জ্বালানি ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করায় দেশগুলোর সমালোচনা করেছেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন করেন, ‘যখন আপনারা যুদ্ধাপরাধকে সমর্থন করছিলেন, তখন কি ভেবেছিলেন এর পরিণতি আপনাদের ভোগ করতে হবে না?’

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রভাব ইউরোপের জ্বালানি ব্যয় ও অর্থনীতিতেও পড়ছে—তেহরানের সাম্প্রতিক বক্তব্যে সেই বিষয়টিই উঠে এসেছে। একই সঙ্গে ইরানে নতুন করে হামলা হলে এর প্রতিক্রিয়া আরও বিস্তৃত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির নেতৃত্ব।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন