বাইন্যান্সে হ্যাকারদের হানা, ৭৮ হাজার কোটি টাকার ক্রিপ্টো চুরি
বিশ্লেষকদের মতে, এটি ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ এএম
ছবি: সংগৃহীত
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির ওয়ালেট থেকে প্রায় ৬৩০ কোটি ডলার বা ৭৮ হাজার কোটি টাকা মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে হ্যাকাররা। বিশ্লেষকদের মতে, এটি ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনা।
চুরির ঘটনা সামনে আসার পর গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে জমা ও উত্তোলন সাময়িকভাবে বন্ধ করে দেয় বাইন্যান্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের তহবিল সুরক্ষিত রয়েছে এবং সব ক্ষতি পুষিয়ে দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিআরএম ল্যাবসের তথ্য অনুযায়ী, বাইন্যান্সের লেনদেন প্রক্রিয়ায় ব্যবহৃত ওয়ালেটগুলোর নিয়ন্ত্রণ নিয়ে অর্থ সরিয়ে নেয় হ্যাকাররা। চুরির বেশির ভাগই মাত্র ২০ মিনিটে সম্পন্ন হয়। প্রথমে এক কর্মীর ল্যাপটপ হ্যাক হওয়ার মাধ্যমে হামলা হয়েছে বলে ধারণা করলেও পরে আরও কিছু নিরাপত্তাগত ত্রুটি খুঁজে পায় প্রতিষ্ঠানটি।
বাইন্যান্সের কো-সিইও রিচার্ড টেং জানিয়েছেন, গ্রাহকদের সুরক্ষায় রাখা ১ বিলিয়ন ডলারের তহবিল এবং কোম্পানির নিজস্ব সম্পদ থেকে ক্ষতি পূরণ করা হবে।
যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান হামলার সঙ্গে উত্তর কোরিয়ার হ্যাকারদের আগের কর্মকাণ্ডের মিল পেয়েছে। তবে বাইন্যান্স এখনো হামলাকারীদের শনাক্ত করতে পারেনি। উত্তর কোরিয়া সাইবার হামলা ও ক্রিপ্টো চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।
চুরি হওয়া সম্পদের প্রায় অর্ধেক ছিল স্টেবলকয়েন। এর একটি অংশ টেথার, সার্কেল ও রিপলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ফ্রিজ করেছে। এতে হ্যাকারদের অর্থ নগদে রূপান্তর করা কঠিন হবে। তবে ফ্রিজ করা সম্পদ বাইন্যান্সকে ফেরত দেওয়া হবে কি না, তা নিশ্চিত নয়।
টিআরএম ল্যাবসের হিসাবে, গত বছর প্রায় ১৫০টি সাইবার হামলায় ২৯০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছিল। বাইন্যান্সে এই হামলার পর ক্রিপ্টো খাতের নিরাপত্তা ও বিনিয়োগকারীদের আস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হামলার পর শুক্রবার ক্রিপ্টোকারেন্সির দাম ও স্টেবলকয়েনের বাজারমূল্যও কমে যায়।
