ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার
সংঘাত শুরুর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাদ্দ করা জরুরি সামরিক তহবিলের ৯৭ দশমিক ৫ শতাংশের বেশি ব্যয় হয়েছে
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫১ এএম
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ৮৪ হাজার কোটি টাকা। মার্কিন আইনপ্রণেতাদের কাছে পাঠানো পেন্টাগনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পেন্টাগনের হিসাব অনুযায়ী, গত ১৬ অক্টোবর পর্যন্ত যৌথ মার্কিন-ইসরায়েল সামরিক অভিযানে প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যয় হয়েছে ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলার। সংঘাত শুরুর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাদ্দ করা জরুরি সামরিক তহবিলের ৯৭ দশমিক ৫ শতাংশের বেশি ব্যয় হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রত্যক্ষ ব্যয়ের পাশাপাশি ধ্বংস বা ব্যবহৃত গোলাবারুদ ও অস্ত্র পুনরায় সংগ্রহে প্রায় ২ হাজার ৯০০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর মার্কিন বিমানবাহিনীর যুদ্ধবিমান ও বোমারু বিমানের পেছনে ব্যয় হয়েছে ৭৬০ কোটি ডলার। দুটি বিমানবাহী রণতরীসহ দুই ডজনের বেশি যুদ্ধজাহাজ পরিচালনায় নৌবাহিনীর খরচ হয়েছে ১৫০ কোটি ডলার। মধ্যপ্রাচ্যে মোতায়েন সেনাদের রক্ষণাবেক্ষণে ব্যয় হয়েছে ২০০ কোটি ডলারের বেশি।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী ঘাঁটিতে বর্তমানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান ও ব্যবহৃত অস্ত্র প্রতিস্থাপনে ৬১০ কোটি ডলার, বিশেষ কমান্ডো বাহিনীর যাতায়াত ও সহায়তায় ৬৪ কোটি ৫০ লাখ ডলার এবং আহত সেনাদের চিকিৎসায় প্রায় ২ কোটি ৪৫ লাখ ডলার ব্যয় হয়েছে। সরঞ্জাম পরিবহনে মার্কিন ট্রান্সপোর্টেশন কমান্ডের খরচ হয়েছে ৯ কোটি ২২ লাখ ডলার। সাইবার অভিযানে সাইবার কমান্ড ব্যয় করেছে ১ কোটি ৪০ লাখ ডলার।
তবে প্রতিবেদনে যুদ্ধের সব ব্যয় অন্তর্ভুক্ত হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যে হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি সংস্কার এবং সামরিক বহরের জ্বালানি খরচের হিসাব এতে নেই।
পেন্টাগনের ব্যয়ের হিসাব প্রকাশের পর সাবেক ও বর্তমান মার্কিন নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
