EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

আরব দলগুলোর সমর্থনেই কি পতন হবে নেতানিয়াহুর?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম

আরব  দলগুলোর সমর্থনেই কি পতন হবে নেতানিয়াহুর?

ছবি: রয়টার্স

অ অ

ইসরায়েলের নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আরব দলগুলোর সঙ্গে সমঝোতাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরানোর মূল চাবি হয়ে উঠেছে। তবে বিরোধী শিবিরের একাংশ আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিপক্ষে। ফলে সমঝোতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বুধবার সন্ধ্যা পর্যন্ত ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা হয়েছে। বুথফেরত জরিপ ও আংশিক গণনায় ধারণা করা হচ্ছে, নেতানিয়াহুর জোট ৫৩, গাদি আইজেনকটের জোট ৪৮ এবং আরব দলগুলো ১৯ আসন পেতে পারে। ১২০ আসনের নেসেটে সরকার গঠনে দরকার ৬১ আসন। এবার ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।

ইসরায়েলের জনসংখ্যার ২০ শতাংশের বেশি ফিলিস্তিনি বংশোদ্ভূত আরব নাগরিক। তাঁদের ব্যাপক অংশগ্রহণে জয়েন্ট লিস্ট ও রাআমের অবস্থান শক্তিশালী হয়েছে। জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন ইসরায়েলি সংবাদমাধ্যমকে বলেন, ‘নেতানিয়াহুর বিকল্প গড়তে চাইলে আমাদের সঙ্গে কথা বলতে হবে।’ আরব দলগুলো সরকারে যোগ দিতে পারে, আবার বাইরে থেকেও সমর্থন দিতে পারে।

রয়টার্স জানিয়েছে, আইজেনকটের শিবিরের অনেকে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের উদ্যোগ নাকচ করেছেন। লেখক অ্যান্টনি লোয়েনস্টাইন আল-জাজিরাকে বলেন, এই অনীহার পেছনে গভীর আরববিদ্বেষ কাজ করছে। অন্যদিকে ডেমোক্র্যাটস দলের আইনপ্রণেতা গিলাদ কারিভ আরব দলগুলোর সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তবে রয়টার্সের তথ্যমতে, প্রায় সব ইহুদি দলই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী। ফলে নেতানিয়াহুর বিদায় ও ফিলিস্তিনিদের অধিকারসংক্রান্ত নীতি পরিবর্তন এক বিষয় নয়।

ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার গঠনের দায়িত্ব দেবেন। নতুন নির্বাচন এড়াতে নেতানিয়াহু ও আইজেনকটকে নিয়ে ঐক্যের সরকারের সম্ভাবনাও তিনি খোলা রেখেছেন। নতুন সরকার না হওয়া পর্যন্ত নেতানিয়াহুই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী থাকবেন।

আরও পড়ুন