স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, আরও বাড়তে পারে সংখ্যা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পিএম
স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ।
মধ্য স্পেনের কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের প্রধান এমিলিয়ানো গার্সিয়া-পাখে দুর্ঘটনাস্থলে বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহতের সংখ্যা প্রায় ৬৪। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে নিহতের সংখ্যা ৩১ জন বলে জানানো হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে আরও মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।
দুর্ঘটনার পর যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। তাদের অনেকে রক্তাক্ত অবস্থায় কিংবা ক্ষতস্থানে ব্যান্ডেজ নিয়ে দুর্ঘটনাস্থলের পাশের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কেউ কেউ স্যুটকেস টেনে নিয়ে যাচ্ছিলেন। স্বেচ্ছাসেবকেরা তাদের পানি দিচ্ছিলেন।
দুর্ঘটনাস্থলে শত শত অ্যাম্বুলেন্স, অন্ত্যেষ্টিক্রিয়াসেবী প্রতিষ্ঠানের গাড়ি ও হেলিকপ্টার দেখা যায়। একটি ট্রেনের কয়েকটি বগি উঁচু রেলপথের ওপর আটকে ছিল। রেললাইনের নিচের ঢালে ছড়িয়ে ছিল পেঁচিয়ে যাওয়া ধাতব অংশ, ভাঙা প্যানেল ও অন্যান্য ধ্বংসাবশেষ। অন্তত তিনটি বগি রেললাইন থেকে নিচে পড়ে যায়।
একটি ট্রেনের পেছনের বগিতে কয়েকজন সহকর্মীর সঙ্গে ভ্রমণ করছিলেন মিগেল। কোপে রেডিওকে তিনি দুর্ঘটনার মুহূর্তের বর্ণনা দেন।
মিগেল বলেন, তারা প্রথমে প্রচণ্ড গর্জনের মতো শব্দ শুনতে পান। এরপর প্রায় ১০ সেকেন্ড ধরে একটি ভয়াবহ ধাক্কা অনুভব করেন। তার মনে হয়েছিল, ট্রেনটি লাইনচ্যুত হতে যাচ্ছে। ডান পাশের জানালা দিয়ে তারা একটি বিধ্বস্ত ট্রেন দেখতে পান।
দুর্ঘটনা সম্পর্কে অবগত এক ব্যক্তির ভাষ্য, বেসরকারি কনসোর্টিয়াম আইরিও পরিচালিত একটি ট্রেন সংকেতের ত্রুটির কারণে তোলেদোর কাছে থেমে যায়। অবকাঠামো ব্যবস্থাপক এডিআইএফের নির্দেশে ট্রেনটি থেমেছিল।
ওই ব্যক্তির দাবি, এরপর রেনফে পরিচালিত একটি ট্রেন উচ্চগতিতে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে দুটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
রেনফে এক বিবৃতিতে জানায়, চলাচলের অনুমতি পাওয়ার পর তাদের ট্রেনটি আইরিওর ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। আইরিওর ট্রেনটি কী কারণে দাঁড়িয়ে ছিল, তা তাদের জানা নেই।
বিবৃতিতে রেনফে আরও জানায়, নির্দেশনা অনুযায়ী তাদের ট্রেনটি চলছিল। এ সময় সংঘর্ষ ঘটে। ঘটনার সুনির্দিষ্ট ধারাবাহিকতা, রেল চলাচলের পরিস্থিতি ও সংঘর্ষের কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করতে হবে।
এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স আইরিও ও এডিআইএফের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।