সৌদির সামরিক স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৫ এএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবের সামরিক স্থাপনা ও একটি আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ হুথি। গোষ্ঠীটির দাবি, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদির তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে হামলার এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
রবিবার (২৫ অক্টোবর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ হামলার দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটি এবং জিজানে সীমান্তরক্ষী বাহিনীর একটি নৌঘাঁটি রয়েছে।
হুথি মুখপাত্র দাবি করেন, হামলার নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে। এ ছাড়া জিজানে হতাহতের ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
হুথিদের পক্ষ থেকে রিয়াদ বিমানবন্দর ব্যবহার না করতে বিমান সংস্থাগুলো, বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও হামলার হুমকিও দেওয়া হয়েছে।
এদিকে, হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে হুথিদের দাবি করা হামলা, ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
আল-ইখবারিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর রবিবার রিয়াদ বিমানবন্দরে আংশিকভাবে ফ্লাইট চলাচল শুরু হয়। এ সময় টার্মিনাল-১ থেকে অভ্যন্তরীণ ফ্লাইট এবং টার্মিনাল-২ থেকে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার কথা জানানো হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি