EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানে হামলার হুমকি দিয়েও পিছিয়ে গেলেন ট্রাম্প

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ এএম

ইরানে হামলার হুমকি দিয়েও পিছিয়ে গেলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

অ অ

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুমকি দেওয়ার পর আপাতত সেই পথে হাঁটছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ইরানে কোনো হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। এর আগে একই দিনে তেহরানকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

রবিবার মিশিগানে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সেদিন ইরানে কোনো হামলা চালানো হবে না। তার এই বক্তব্যের মধ্য দিয়ে আপাতত সামরিক পদক্ষেপের সম্ভাবনা থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া গেছে।

এর আগে রবিবার দিনের প্রথম ভাগে ইরানকে লক্ষ্য করে আলটিমেটাম দেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি করা হবে, নাকি দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে—এটাই এখন মূল প্রশ্ন। তার এই বক্তব্যের পর নতুন করে হামলার আশঙ্কা তৈরি হয়।

এদিকে পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও করেছেন ট্রাম্প। তার ভাষ্য, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং ইরান সেখান থেকে কিছুই পাচ্ছে না। তবে এ দাবির স্বাধীন যাচাই পাওয়া যায়নি।


এর আগে শনিবার (২৪ অক্টোবর) ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো অথবা দেশটির সঙ্গে চুক্তিতে পৌঁছানোর—দুটি পথই খোলা রয়েছে। তবে তেহরান কোনো সমঝোতায় পৌঁছালে তা মেনে চলবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে জুনে দুই দেশের মধ্যে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও তা শেষ পর্যন্ত টেকেনি। এরই মধ্যে নভেম্বরের শুরুতে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান নিয়ে ট্রাম্পের অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।

আরও পড়ুন