হুথি বিদ্রোহীদের হামলার আশংকা কাটেনি
দুই সপ্তাহ বন্ধ থাকার পর রিয়াদে বিমান চলাচল শুরু
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: কুয়েত টাইমস
সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ভয়াবহ হামলার জেরে টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর, অবশেষে রবিবার (২৫ অক্টোবর) কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। তবে সৌদি আরবে আরও সামরিক হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে হুথি বিদ্রোহীরা।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট 'ফ্লাইটরাডার'-এর তথ্যের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রবিবার ভোরে বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে একটি উড়োজাহাজ উড্ডয়ন করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ শনিবার (২৪ অক্টোবর) জানিয়েছে যে, রবিবার থেকে টার্মিনাল-১ অভ্যন্তরীণ ফ্লাইট এবং টার্মিনাল-২ জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার কাজ শুরু করবে। সম্প্রতি হুথিরা এই বিমানবন্দরে দফায় দফায় ব্যাপক হামলা চালায়।
চলতি মাসের শুরুতে হওয়া এমনই এক হামলায় ১৩ জন নিহত এবং ৩০০-এরও বেশি মানুষ আহত হন। এই হামলা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদিতে হওয়া সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী।
এদিকে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট রবিবার ভোরে জানিয়েছে যে, তারা রিয়াদ অঞ্চলের আকাশে বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
দীর্ঘ কয়েক বছরের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরব এবং রিয়াদ-সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুথিদের ধারাবাহিক ও বড় ধরনের হামলার মুখোমুখি হচ্ছে।
এই নতুন সংঘাত সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ছায়াযুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনের মানবিক বিপর্যয়কে আরও গভীর ও মারাত্মক করে তুলেছে।
গত ১০ অক্টোবর রিয়াদের এই বিমানবন্দরে হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। ওই হামলায় বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। হতাহতদের মধ্যে দুই বাংলাদেশি নিহত ও ২৪ জন আহত হন।
এর এক দিন পর, ১১ অক্টোবর একই বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।
