EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১১২ ডলার ছাড়াল

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১১২ ডলার ছাড়াল
অ অ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ও গুরুত্বপূর্ণ তেল সরবরাহপথে হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর)  অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড ওয়েল) দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ৬ সেন্ট বা ২ দশমিক ৮১ শতাংশ বেড়ে ১১১ ডলার ৮৮ সেন্টে দাঁড়ায়। দিনের লেনদেনে একপর্যায়ে দাম ১১২ ডলার ৫৫ সেন্টে পৌঁছায়, যা গত ১৮ মের পর সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ ডলার ৪ সেন্ট বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ১৯ সেন্ট হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও সমুদ্রপথে হামলার কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাও বাজারে প্রভাব ফেলছে।

তেলবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান পিভিএমের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি সংঘাত শুরুর আগের পর্যায়ে পৌঁছানোর খবরের চেয়ে হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং সৌদি আরবের তেল অবকাঠামোয় হুতি বিদ্রোহীদের হামলার প্রভাব বেশি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত সংঘাত প্রশমনের সম্ভাবনা কম। ফলে তেলের দাম উচ্চপর্যায়ে থাকতে পারে।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে রেখেছে ইরান। অপরদিকে যুক্তরাষ্ট্র পাল্টা নৌ-অবরোধ আরোপ করে রেখেছে। ফলে হরমুজ দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে।

তবে তা সত্ত্বেও ছোট ছোট জাহাজে করে আরব দেশগুলোর তেল হরমুজ দিয়ে বের হচ্ছিল। এমনকি সেপ্টেম্বরে তেল সরবরাহের পরিমাণ যুদ্ধ পরবর্তী সময়ের পর্যায়ে পৌঁছেছিল। এরপর থেকেই ইরান ছোট জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে।

এর আগে গত ২০ অক্টোবর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ১১১.৯৯ ডলার প্রতি ব্যারেলে পৌঁছায়।

মধ্যপ্রাচ্যে তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনা, হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকার ও নৌযানে হামলা এবং সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল।

আরও পড়ুন