EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হুথিদের হামলার শঙ্কা, সৌদি ছাড়ার নির্দেশ মার্কিন কূটনীতিকদের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পিএম

হুথিদের হামলার শঙ্কা, সৌদি ছাড়ার নির্দেশ মার্কিন কূটনীতিকদের

ছবি: সংগৃহীত

অ অ

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন।

সম্প্রতি সৌদি আরবে হামলার ঘটনা বেড়ে যাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ ছাড়া সৌদি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার পর ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কূটনীতিকদের সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি যোগাযোগ ও যাতায়াতব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এদিকে, হুথিদের আরও হামলার আশঙ্কায় গত বুধবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এর আগে রিয়াদ বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। গত মার্চের শুরুতে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা শুরু করার পর রিয়াদে মার্কিন দূতাবাস ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর কার্যালয়েও ড্রোন হামলা চালানো হয়েছিল।


বার্তা সংস্থা রয়টার্সকে চারজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশেও মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। তবে সৌদি আরবের বাইরের মিশনগুলোর বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া সংঘাতে হুথিদের হামলা নতুন মাত্রা যোগ করেছে। এ সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করছে এবং উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

আরও পড়ুন