EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

এআইয়ে শনাক্ত পিএইচপির নিরাপত্তা ত্রুটি, হামলার আশঙ্কায় বন্ধ বহু ওয়েবসাইট

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ এএম

এআইয়ে শনাক্ত পিএইচপির নিরাপত্তা ত্রুটি, হামলার আশঙ্কায় বন্ধ বহু ওয়েবসাইট

ছবি: সংগৃহীত

অ অ

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে বহু ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) এ পরিস্থিতি তৈরি হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সফটওয়্যারে দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা এসব নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা হয়েছে। ত্রুটিগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা সাইবার হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় ওয়েবসাইট পরিচালনাকারীরা নিজেদের সিস্টেম সুরক্ষিত করতে তৎপর হয়ে উঠেছেন।

নিরাপত্তা ত্রুটিগুলো সংশোধনে বুধবার জরুরি হালনাগাদ সংস্করণ প্রকাশ করেন পিএইচপির ডেভেলপাররা। একই সঙ্গে ব্যবহারকারীদের দ্রুত সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়।

ডেভেলপাররা জানিয়েছেন, এআইয়ের মাধ্যমে শনাক্ত হওয়ার আগে এসব ত্রুটি বছরের পর বছর অজানা ছিল। সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকতে ব্যবহারকারীদের দ্রুত সফটওয়্যার হালনাগাদ করার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সতর্ক করে বলেছে, কিছু হ্যাকার ইতোমধ্যে এসব ত্রুটি কাজে লাগিয়ে হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইউরোপের বিভিন্ন সরকারি সংস্থা তাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।

সাইবার নিরাপত্তা গবেষণা ও হামলার ঘটনা মোকাবিলায় কাজ করা প্রতিষ্ঠান ‘টিএলপি:ব্ল্যাক’-এর সহপ্রতিষ্ঠাতা কস্টিন রাইউ বলেন, এআই এখন নিরাপত্তা ত্রুটি কাজে লাগানোর প্রতিযোগিতাকে আরও ত্বরান্বিত করছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরবর্তী ধাপে ইন্টারনেটে থাকা প্রতিটি ঝুঁকিপূর্ণ ওয়েব সার্ভার ব্যাপকভাবে হামলার শিকার হতে পারে।

নব্বইয়ের দশকের শুরুর দিকে যাত্রা শুরু করা পিএইচপির প্রাথমিক নাম ছিল ‘পার্সোনাল হোম পেজ’। বর্তমানে এর পূর্ণরূপ ‘হাইপারটেক্সট প্রিপ্রসেসর’। ইন্টারনেটের বড় একটি অংশের ওয়েবসাইট পরিচালনায় এই প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়।

ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা ও ম্যাজেন্টার মতো জনপ্রিয় ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্মেও পিএইচপি ব্যবহৃত হয়। ফলে এ ভাষায় গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার ঘটনা বিশ্বজুড়ে বিপুলসংখ্যক ওয়েবসাইটের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুন