EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলা, প্রাণ গেল দুই বিদেশির

এক পাকিস্তানি ও এক ভারতীয় নাগরিক আহত

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ এএম

সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলা, প্রাণ গেল দুই বিদেশির

ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো পরিচালিত একটি তেল স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় দুই বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতদের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। আহতদের মধ্যে একজন পাকিস্তানি ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে আসা ড্রোন প্রতিহত করা হয়। পরে ড্রোনটির ধ্বংসাবশেষের আঘাতে ওই দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়।

সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত মাসে হুতি বিদ্রোহীদের একটি ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষের আঘাতে সৌদি আরবে বসবাসরত এক ইয়েমেনি নাগরিক নিহত হন।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুর দিকে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার ঘটনায় সেখানে ছোটখাটো অগ্নিকাণ্ড ঘটে।

হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ায় চার বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে গেছে। ইয়েমেনের এই সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলেছে।

এদিকে, হুতিদের একাধিক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর গত ১০ অক্টোবর থেকে বন্ধ রাখা হয়েছিল। তবে বুধবার অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের জন্য বিমানবন্দরটি আবার খুলে দেওয়া হয়েছে।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইনস বিমানবন্দরটিতে ফ্লাইট পরিচালনা করছে। তবে লুফথানসা ও এয়ার ফ্রান্সসহ বেশ কয়েকটি বড় এয়ারলাইনস নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত তাদের ফ্লাইট বাতিল করেছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

আরও পড়ুন