পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৪৪
দ্রুতগতিতে চলার সময় একটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:২৩ এএম
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বাস উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৪ জন।
বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে প্রদেশটির রাজনপুর জেলার রোজহান তহসিলের বাংলা হিদায়াত এলাকার ইন্দুস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
প্রতিবেদন অনুযায়ী, দ্রুতগতিতে চলার সময় একটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ৩৮ জনের বেশি যাত্রীকে রাজনপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত চারজনকে ডেরা গাজি খান এবং দুজনকে রহিম ইয়ার খানের শেখ জায়েদ হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ১০টি অ্যাম্বুলেন্স ও দুটি বিশেষ উদ্ধারকারী ইউনিট পাঠানো হয়। উদ্ধার অভিযানে সংস্থাটির ৩৫ জন কর্মী অংশ নেন।
এর আগে গত আগস্টে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোহলু-ডেরা গাজি খান মহাসড়কে বিয়ের যাত্রীবাহী একটি বাস উল্টে দুজন নিহত ও ৪২ জন আহত হন। পুলিশ জানিয়েছিল, বাসটিতে অতিরিক্ত যাত্রী বহনের কারণে ওই দুর্ঘটনা ঘটে।