হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের আলটিমেটাম ইরানের
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৩২ এএম
ছবি: এআই
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় নিজেদের শর্ত পূরণের জন্য ওয়াশিংটনকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধই থাকবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ইরাকের টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান।
আরাগচি জানান, ইরানের প্রস্তাবিত সাত দিনের পরিকল্পনা অনুযায়ী, ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে। তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে তেহরানের শর্তগুলো মেনে নিতে হবে। তার দাবি, ওয়াশিংটন এসব শর্তে সম্মতি জানিয়েছে। তবে এর সঙ্গে আরও কিছু বিষয় যুক্ত করতে চাইছে যুক্তরাষ্ট্র।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলোচনার টেবিল এখনো রয়েছে।’ যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে চললে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে। এরপর চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো পর্যন্ত দুই দেশের মধ্যে আলোচনা চলবে।
আরাগচি আরও বলেন, অন্যান্য বিষয়ে আলোচনায় যাওয়ার আগে ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্রকে নিজেদের সব প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না তেহরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এটিও অন্যতম বিরোধপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
রেজাই বলেন, যুক্তরাষ্ট্র আস্থা তৈরির পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না। ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে মার্কিন অবরোধ প্রত্যাহার, তেল খাতে নিষেধাজ্ঞা শিথিল করা এবং আঞ্চলিক সংঘাত বন্ধ করা।