EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

রেকর্ড ছুঁয়েছে এশিয়ার এলএনজির দাম

তেল উৎপাদন বন্ধের আশংকা সৌদি আরবে

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:১৮ এএম

তেল উৎপাদন বন্ধের আশংকা সৌদি আরবে

ছবি: সংগৃহীত

অ অ

মধ্যপ্রাচ্যের কৌশলগত সমুদ্রসীমা, সৌদি আরবের মূল ভূখণ্ডের শায়বাহ অয়েলফিল্ড পর্যন্ত ইয়েমেনের হুতি গোষ্ঠীর ড্রোন ও মিসাইল হামলা, তেলবাহী ট্যাঙ্কারগুলোর ওপর উপর্যুপরি আক্রমণ এবং সৌদি আরবের তেল উত্তোলনে বিঘ্ন ঘটার আশঙ্কার মধ্যে জ্বালানি নিয়ে নতুন অস্থিরতা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বিষয়ক পোর্টাল ‘অয়েল প্রাইস ডট কম’-এর সাম্প্রতিক প্রতিবেদনে এশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ২০২২ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

ইতোমধ্যে সৌদি আরবের বেশ কিছু অঞ্চলের তেল উৎপাদন সাময়িকভাবে থমকে যাওয়ার জোরালো শঙ্কা দেখা দিয়েছে। এই চরম ভূরাজনৈতিক সংঘাতের জেরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম সর্বোচ্চ হওয়ার খবর এলো।

প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার এলএনজি বেঞ্চমার্ক ‘জাপান-কোরিয়া মার্কার’ (জেকেএম)-এর স্পট মূল্য প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ৩০ মার্কিন ডলারের গণ্ডি ছাড়িয়েছে। ইউরোপে শীতকালীন জ্বালানির চাহিদা বাড়ার সম্ভাবনা এবং সরবরাহ নিয়ে উদ্বেগ এর কারণ হিসেবে দেখানো হয়েছে। 

মূলত মধ্যপ্রাচ্যের লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে এলএনজিবাহী জাহাজে হুতিদের নতুন করে হামলা এবং শীতের প্রাক্কালে ইউরোপের বাজারে সরবরাহ সংকট এই আকাশচুম্বী মূল্যবৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে।

বাজারের এই লাগামহীন দামের কারণে চীন ও জাপানের মতো এশিয়ার বৃহৎ আমদানিকারক দেশগুলো গত বছরের তুলনায় এলএনজি আমদানি প্রায় ৮ থেকে ১০ শতাংশ কমিয়েছে। দেশ দুটি বিকল্প হিসেবে পারমাণবিক ও নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

বিপরীতে, শীতের তীব্রতা বাড়ার আশঙ্কায় গত ৩০ দিনে ইউরোপের এলএনজি আমদানি দৈনিক গড়ে ১ লাখ ৭৫ হাজার টনে পৌঁছেছে, যা গত পাঁচ বছরের মৌসুমি গড়ের তুলনায় ৯.৫ শতাংশ বেশি।

তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্যাস মজুত সক্ষমতা বর্তমানে ৭৫ শতাংশের নিচে নেমে গেছে এবং নতুন করে মজুতকরণের গতি থমকে গেছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি অতিক্রমের সময় কাতারের মালিকানাধীন ‘আল খারসাহ’ নামের একটি এলএনজিবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

লোহিত সাগর পেরিয়ে পোল্যান্ডে কাতারের এলএনজি সরবরাহ করতে যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে।

হুতিদের পক্ষ থেকে এলএনজিবাহী জাহাজে এটিই প্রথম হামলা, যা বিশ্বব্যাপী সমুদ্রপথে পণ্য পরিবহনে নতুন আতঙ্ক তৈরি করেছে। একই সাথে ইউরোপের মূল গ্যাস বাজার বেঞ্চমার্ক ‘টিটিএফ’-এর লাগামহীন মূল্যবৃদ্ধিও বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়াতে বাড়তি চাপ সৃষ্টি করছে।

আরও পড়ুন