কারাবন্দি সু চির জন্য রাজা চার্লসের বিশেষ উপহার
২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছেন ৮১ বছর বয়সী সু চি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:৩২ পিএম
ছবি: সংগৃহীত
মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির কাছে দুটি বই ও একটি সিলগালা চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস।
সোমবার (১৯ অক্টোবর) মিয়ানমারের সামরিক সরকার এ তথ্য জানায়। এ সময় সু চির হাতে বই ও চিঠি পৌঁছে দেওয়ার ছবিও প্রকাশ করা হয়।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছেন ৮১ বছর বয়সী সু চি। তাঁর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন অনেকে।
সু চির কাছে পাঠানো বই দুটি হলো ব্রিটিশ বাগানবিশারদ ব্রিজেট এলওয়ার্থি ও হেনরিয়েটা কোর্টল্যান্ডের লেখা সয়েল টু টেবিল এবং সয়েল: দ্য ওয়ার্ল্ড অ্যাট আওয়ার ফিট। দ্বিতীয় বইটি গত বছর লন্ডনে অনুষ্ঠিত একটি প্রদর্শনীর ক্যাটালগ। সয়েল টু টেবিল বইয়ে মাটি ও খাদ্যের পারস্পরিক সম্পর্ক তুলে ধরা হয়েছে।
১৯৯১ সালে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনে ভূমিকা রাখার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পান সু চি। কারাবন্দি অবস্থায়ও তিনি নিয়মিত বই পড়েন বলে জানা যায়। ধর্ম ও প্রকৃতিবিষয়ক বইয়ের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
সোমবার প্রকাশিত ছবিতে সু চিকে হালকা সবুজ রঙের ঐতিহ্যবাহী বার্মিজ ব্লাউজ ও জলপাই রঙের স্কার্ট পরা অবস্থায় দেখা যায়। একটি টেবিলের অপর পাশে সাদা শার্ট পরা দুই ব্যক্তির মুখোমুখি বসেছিলেন তিনি।
তবে সু চির শারীরিক অবস্থা সম্পর্কে সামরিক সরকারের বিবৃতিতে কোনো তথ্য দেওয়া হয়নি। বই ও চিঠি পৌঁছে দেওয়ার সময় তাঁদের মধ্যে আর কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।
অভ্যুত্থানের পর সু চিকে প্রথমে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে গত জুনে তাঁকে গৃহবন্দি করা হয়।
এদিকে, অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং বিতর্কিত নির্বাচনের পর প্রেসিডেন্ট হয়ে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে সমালোচনা রয়েছে। পশ্চিমা দেশগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে থাকা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত মিন অং হ্লাইং এশিয়ার বিভিন্ন দেশে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা করছেন তিনি।
আগস্টে মিয়ানমার সরকার আন্তর্জাতিক রেডক্রস কমিটির এক প্রতিনিধির সঙ্গে সু চির সাক্ষাতের ছবি প্রকাশ করে। আড়াই বছর আগে ছেলে কিম অ্যারিসকে চিঠি লেখার পর সেটিই ছিল কোনো বিদেশি ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগের প্রথম নিশ্চিত ঘটনা।
লন্ডনে বসবাসকারী কিম অ্যারিস দীর্ঘদিন ধরে তাঁর মায়ের মুক্তির দাবিতে প্রচার চালিয়ে আসছেন। আগস্টে প্রকাশিত ছবিগুলো দেখে তিনি বলেছিলেন, তাঁর মাকে ‘সুস্থ’ বলে মনে হয়েছে।