EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মার্কিন সাংবাদিকের ওপর হামলা, ইসরায়েলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪২ এএম

মার্কিন সাংবাদিকের ওপর হামলা, ইসরায়েলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান

ছবি: সংগৃহীত

অ অ

অধিকৃত পশ্চিম তীরে মার্কিন ফটোসাংবাদিক হেইডি লেভিন ও কয়েকজন ফিলিস্তিনির ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ ধরনের সহিংসতা বন্ধে ইসরায়েলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শুক্রবার (১৬ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও বলেন, হামলার বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে অবহিত হননি। তবে হামলার যেসব ছবি দেখেছেন, তা উদ্বেগজনক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকৃত পশ্চিম তীরে কোনো সংঘাত বা সংকট চান না বলেও জানান তিনি।

এদিকে, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, নিরস্ত্র সাংবাদিকের ওপর হামলা জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান তিনি।

শুক্রবার পশ্চিম তীরের আবু ফালাহ এলাকার কাছে ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহের কার্যক্রমের সংবাদ সংগ্রহ করছিলেন ওয়াশিংটন পোস্টের ফটোসাংবাদিক লেভিন। এ সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাঁকে ও কয়েকজন ফিলিস্তিনিকে মারধর করে। হামলাকারীরা তাঁর পাসপোর্ট, মুঠোফোন, মানিব্যাগ ও ক্যামেরার সরঞ্জামও নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।


৬৪ বছর বয়সী লেভিনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর মেয়ের ভাষ্য অনুযায়ী, হামলায় তাঁর একটি আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়, একটি পাঁজরের হাড় ও মেরুদণ্ডের কয়েকটি কশেরুকা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, এ হামলার জন্য ফিলিস্তিনি অথবা ‘চরম বামপন্থি’ কর্মীরা দায়ী হয়ে থাকতে পারেন। হামলাকারীদের পরিচয় নিয়ে তাঁর এ বক্তব্যের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তদন্ত ও বিচারের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন