EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি সচল করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পিএম

হরমুজ প্রণালি সচল করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে: ইরান

ওআইসি বৈঠকে যোগ দিতে বাগদাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

অ অ

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে সাত দিনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছে ইরান। শনিবার ইরাকের রাজধানী বাগদাদে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘শান্তি আলোচনার ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে ওয়াশিংটনের পছন্দের ওপরই নির্ভর করছে’।

চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের ভূমিকার তীব্র সমালোচনা করে আরাগচি বলেন, ‘অতীতের ভুল ও অপরাধের পুনরাবৃত্তি করে কখনো নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব নয়। কোনো দেশে বোমাবর্ষণ, ধ্বংসের হুমকি এবং নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার পর সেখানে স্বাভাবিক নৌ চলাচলের নিরাপত্তা আশা করা যায় না’।

ইরানের সার্বভৌমত্ব ও বৈধ স্বার্থ রক্ষায় তেহরান পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি আরও বলেন, নিজেদের অধিকার রক্ষা এবং শান্তির পথে হাঁটার মধ্যে কোনো বিরোধ নেই। যুদ্ধের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির বিষয়ে ইরান পুরোপুরি সচেতন, আর সে কারণেই তাঁর দেশ শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

উল্লেখ্য, বর্তমান সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। ফলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই কৌশলগত নৌপথটি পুনরায় সচল করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

এর আগে হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও নতুন করে সংঘাত শুরু হওয়ায় তা কার্যকর করা যায়নি। অন্যদিকে ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেকোনো আলোচনার মূল শর্ত হতে হবে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা।

আরও পড়ুন