শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি: এএফপি
শ্রীলঙ্কায় জাতীয় বিদ্যুৎ গ্রিডে ত্রুটির কারণে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শনিবার (১৭ অক্টোবর) এ ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় বিদ্যুৎ বিতরণ সংস্থা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লঙ্কা (ইডিএল) জানিয়েছে, পুরো গ্রিডে দেখা দেওয়া ত্রুটি মেরামতে প্রকৌশলীরা কাজ করছেন।
এদিকে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী অনুরা কারুনাথিলাকা।
এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতেও শ্রীলঙ্কার পুরো বিদ্যুৎ গ্রিড বন্ধ হয়ে গিয়েছিল। ওই বিপর্যয়ের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ছয় ঘণ্টারও বেশি সময় লেগেছিল।
শ্রীলঙ্কায় বর্তমানে স্থাপিত সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩ হাজার মেগাওয়াটের কিছু বেশি। দিনের বেলায় দেশটির বিদ্যুতের চাহিদা থাকে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ মেগাওয়াট।
কর ছাড়ের সুবিধায় দেশটির গ্রাহকেরা সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহী হয়েছেন। তারা নিজেদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করছেন। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা।
আগামী তিন বছরের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৪ হাজার ৪০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নিয়েছে শ্রীলঙ্কা সরকার। ২০২৪ সালের তুলনায় এই সক্ষমতা ৩৮৮ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।