ইয়েমেনে কায়রোগামী বিমান লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ এএম
প্রতীকী ছবি। সংগৃহীত
ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে কায়রোগামী একটি যাত্রীবাহী বিমান লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতি। তবে ক্ষেপণাস্ত্র দুটি বিমানে আঘাত হানেনি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) ভোরে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি এ তথ্য জানান।
এক বিবৃতিতে তিনি বলেন, ৬১২ নম্বর ফ্লাইটটি মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতি বিদ্রোহীরা।
আল-ইরিয়ানি জানান, ক্ষেপণাস্ত্র দুটি উড়োজাহাজ থেকে প্রায় ৫০০ মিটার দূরে এবং রানওয়ের মাঝামাঝি অংশ থেকে প্রায় ১০০ মিটার দূরে আঘাত হানে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ হামলাকে বেসামরিক বিমানবন্দর, যাত্রী ও বিমানকর্মীদের জীবনের জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেছেন ইয়েমেনের তথ্যমন্ত্রী। তাঁর ভাষায়, এটি আকাশপথে চলাচলের নিরাপত্তার জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
