সামরিক শক্তিতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সম্ভব নয়, ইসরায়েলকে ওবামার সতর্কবার্তা
ঐতিহাসিক ক্ষোভ ও গভীর বিভাজন থেকেই সহিংসতার এই ধ্বংসাত্মক চক্রের সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ এএম
বারাক ওবামা। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনিদের প্রতি ছাড় না দেওয়ার নীতির সমালোচনা করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সামরিক শক্তি দিয়ে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা যায় না। তাঁর মতে, ফিলিস্তিনিদের অধিকার ও বাস্তবতা অস্বীকার করলে ইসরায়েলের নৈতিক অবস্থান দুর্বল হবে এবং সংঘাতের অবসানও কঠিন হয়ে পড়বে।
উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে পুরস্কারজয়ী লেখক ও সাংবাদিক সুসান ম্যাকের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন ওবামা। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বেলফাস্ট টেলিগ্রাফ।
গাজায় ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গে ওবামা বলেন, চলমান সহিংসতা সবার জন্যই বেদনাদায়ক হওয়া উচিত। ঐতিহাসিক ক্ষোভ ও গভীর বিভাজন থেকেই সহিংসতার এই ধ্বংসাত্মক চক্রের সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি।
ইউরোপে ইহুদিদের দীর্ঘদিনের নিপীড়নের ইতিহাস স্বীকার করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভূমি হারানোর মধ্য দিয়ে ফিলিস্তিনিরাও অবিচারের শিকার হয়েছেন। তাঁদের জমি কেড়ে নেওয়া এবং তাঁদের সঙ্গে বাড়াবাড়ি করার বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই।
ওবামার মতে, ফিলিস্তিনিরা তাঁদের প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোকে অবিচার হিসেবে দেখেছেন এবং নিজেদের জমি ফিরিয়ে চেয়েছেন। এই বাস্তবতা অস্বীকার করলে সংঘাতের মূল কারণগুলো উপেক্ষিত থেকে যাবে।
সহিংসতার চক্র ভাঙতে তুলনামূলকভাবে শক্তিশালী পক্ষের দায়িত্ব বেশি বলেও মন্তব্য করেন ওবামা। তাঁর মতে, সামরিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর করলেই নিরাপত্তা নিশ্চিত হয় না; বরং সংঘাত নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হয়।
ইসরায়েলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ওবামা বলেন, কোনো দেশ যদি মনে করে সামরিক ও প্রযুক্তিগত শক্তিতে এগিয়ে থাকার কারণে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী সবকিছু করতে এবং যা চায় তা নিতে পারবে, তাহলে সেই অবস্থান স্বল্পমেয়াদে কার্যকর মনে হতে পারে। কিন্তু অন্য পক্ষকে কোনো ছাড় না দেওয়ার নীতি দীর্ঘমেয়াদে নৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করে।
ইসরায়েলের বর্তমান সরকার এমন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে বলে মনে করেন ওবামা। তাঁর ভাষ্য, সরকারটিকে স্বীকার করতে হবে, লাখ লাখ ফিলিস্তিনি এ অঞ্চল ছেড়ে চলে যাবেন না।
তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের ওপর এমন কোনো পরিস্থিতি চাপিয়ে দেওয়া টেকসই হতে পারে না, যা অন্য কেউ নিজের জীবনের জন্য মেনে নিতে চাইবে না।
ওবামার বক্তব্যে উঠে এসেছে, দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিষ্ঠায় কেবল সামরিক শক্তি যথেষ্ট নয়। ফিলিস্তিনিদের অধিকার ও বাস্তবতাকে স্বীকার করার পাশাপাশি সংঘাতের রাজনৈতিক সমাধানের পথ খোঁজাও জরুরি।
