যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ৬০ বিলিয়ন ডলার হারাল ইরাক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধে ইরাকের আর্থিক ক্ষতি ৬০ বিলিয়ন ডলারে ঠেকেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন।
বৃহস্পতিবার রোমে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। শুক্রবার (১৬ অক্টোবর) এ বিষয়ে বিবৃতি দিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, দুই দেশের সংঘাত ইরাকের অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করেছে। শুধু ইরাক নয়, যুদ্ধ বৈশ্বিক জ্বালানি সংকটকেও গভীর করেছে এবং মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি বাড়িয়েছে। এর প্রভাব ইউরোপের অর্থনীতিতেও পড়ছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
তিনি ইউরোপীয় ইউনিয়ন ও ইতালিসহ ইউরোপের দেশগুলোকে শান্তি উদ্যোগে সমর্থন দিয়ে আলোচনায় উৎসাহ দেওয়ার এবং সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে সহায়তার আহ্বান জানান।
যুদ্ধ শুরু হয় ২৮ ফেব্রুয়ারি। ইরাকের রাজস্বের সিংহভাগ আসে তেল রপ্তানি থেকে, আর সংঘাতে সেই রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হয়। দেশটির তেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে রপ্তানি ছিল ৯ কোটি ৯০ লাখ ব্যারেলের বেশি, মার্চে তা নেমে আসে ১ কোটি ৮৬ লাখ ব্যারেলে। এতে মাসিক রাজস্ব ৬৮০ কোটি ডলারের বেশি থেকে কমে দাঁড়ায় প্রায় ১৯৫ কোটি ডলারে।
বিশ্লেষকদের মতে, আগের মতো টেকসই রাজস্ব নিশ্চিত করা যাচ্ছে না। এ সপ্তাহে আইএমএফ ২০২৬ সালে ইরাকের জিডিপি ১৬ শতাংশ সংকুচিত হওয়ার পূর্বাভাস দিয়েছে বলে আঞ্চলিক সংবাদমাধ্যম এজিবিআই জানিয়েছে।