হুথিদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাব নেতানিয়াহুর, ফিরিয়ে দিল সৌদি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২০ পিএম
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনীকে যুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সৌদি যুবরাজের আশঙ্কা, হুথিদের বিরুদ্ধে অভিযানে ইসরায়েলকে যুক্ত করা হলে সৌদি আরবের সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রত্যাশা ছিল, যৌথ সামরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের আঞ্চলিক সম্পর্ক আরও জোরদার হবে। এর ফলে ভবিষ্যতে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথও সহজ হতে পারত। তবে সৌদি আরবের আপত্তিতে সেই প্রত্যাশা ধাক্কা খেয়েছে।
দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে আসছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় রিয়াদকে যুক্ত করার উদ্যোগ নিয়েছিল। তবে এখনো ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি।
ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থানও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রিয়াদ বরাবরই বলে আসছে, ফিলিস্তিন সমস্যার ন্যায়সংগত সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ নিশ্চিত না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি এগোবে না। অন্যদিকে, নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছেন।
হুথিদের বিরুদ্ধে অভিযানে ইসরায়েলকে যুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, হুথিদের হামলা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সৌদি আরবের উদ্বেগ রয়েছে। এসব হামলার প্রভাব বিমান চলাচলেও পড়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরিস্থিতির কারণে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা এবং বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিলের কথাও উল্লেখ করা হয়েছে।
সূত্র: এনডিটিভি, হারেৎজ