EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

সুদানে সোনার খনিতে বিমান হামলা, নিহত ৭২

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:০২ এএম

সুদানে সোনার খনিতে বিমান হামলা, নিহত ৭২

ছবি: এএফপি

অ অ

সুদানের উত্তরাঞ্চলে একটি সোনার খনিতে বিমান হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। শনিবার এ হামলার ঘটনা ঘটে।

রবিবার (১১ অক্টোবর) মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি ল’ইয়ার্স এ তথ্য জানিয়েছে। কয়েক মাসের মধ্যে এ ধরনের দ্বিতীয় হামলার ঘটনা এটি।

ইমার্জেন্সি ল’ইয়ার্সের অভিযোগ, মিসরের বিমানবাহিনী এ হামলা চালিয়েছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এ অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি। এ বিষয়ে মিসরের সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও রয়টার্সের মন্তব্য চেয়ে পাঠানো অনুরোধের তাৎক্ষণিক জবাব দেয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর প্রকাশ করা কিছু ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বহু মরদেহ দেখা গেছে। কয়েকটি মরদেহ কাফনে মোড়ানো অবস্থায়ও রয়েছে। এ ছাড়া ওই এলাকায় বিমান হামলার বর্ণনা দিয়েছেন কয়েকজন খনি শ্রমিক। তবে ছবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

ইমার্জেন্সি ল’ইয়ার্স বলেছে, সীমান্ত অতিক্রম করে এ ধরনের হামলা চালানো হলে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল হবে।

সুদানের চলমান সংঘাতের কারণে দেশটির উত্তরাঞ্চলে ক্ষুদ্র পরিসরে সোনার খনিতে কাজ করা শ্রমিকের সংখ্যা বেড়েছে। জীবিকার অন্যান্য উৎস ব্যাহত হওয়ায় অনেকেই সোনা উত্তোলনের কাজে যুক্ত হচ্ছেন। একই সঙ্গে সংঘাতে জড়িত দুই পক্ষের জন্যই সোনা অর্থের গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞদের ভাষ্য, এসব সোনার বড় অংশ চোরাচালানের মাধ্যমে মিসরে নেওয়া হয়।

২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত চলছে। এ যুদ্ধে ব্যাপক প্রাণহানির ঘটনা বেড়েছে। বিশেষ করে ড্রোন হামলা এখন লড়াইয়ের অন্যতম প্রধান কৌশল হয়ে উঠেছে।

এর আগে শুক্রবার সুদানের ব্লু নাইল রাজ্যের সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি এলাকায় বাস্তুচ্যুত মানুষের শিবিরে ড্রোন হামলায় প্রায় ৩১ জন নিহত হন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এলাকাটি সংঘাতের অন্যতম সম্মুখসারিতে অবস্থিত।


সূত্র: রয়টার্স

আরও পড়ুন