মমতা-কেজরিওয়ালকে আটক করার পর ছেড়ে দিল দিল্লির পুলিশ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৪ এএম
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভের সময় শনিবার তাদের আটক করা হয়েছিল।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হয়। তার সঙ্গে আটক তৃণমূল কংগ্রেসের অন্য নেতাদেরও মুক্তি দেয় দিল্লির পুলিশ।
অন্যদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও ছেড়ে দেওয়া হয়েছে। জাফরপুর কালান থানায় নেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।
মুক্তির পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, দিল্লির যন্তর মন্তরে যাওয়ার পথে পুলিশ তাদের বাধা দেয়। পরে জোর করে প্রিজন ভ্যানে তুলে বিভিন্ন থানায় ঘোরানো হয়।
মমতা বলেন, ‘ওই সময় আমাদের মনে হচ্ছিল, যেন অপহরণ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ইন্ডিয়া জোটেরও আগের দিন একটি কর্মসূচি ছিল। সেখানে যাওয়ার আগে বাড়ির বাইরে মোতায়েন পুলিশ সদস্যদের কাছে তারা জানতে চান, যন্তর মন্তরে যেতে পারবেন কি না। পুলিশ সদস্যরা তাঁদের জানান, যেতে দেওয়া হবে না এবং পথে আটকে দেওয়া হবে।