তারেক রহমানের ভারত সফরসহ বিভিন্ন ইস্যুতে মোদির সঙ্গে দীনেশের বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান দিল্লিকে জানাতেই তার এই সফর।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিল্লির স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
এর আগে সোমবার রাতে বিমানে ঢাকা থেকে দিল্লি পৌঁছান দীনেশ ত্রিবেদী। তবে তার এ সফর নিয়ে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, স্বাধীনতার পর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগও প্রধানমন্ত্রীর কার্যালয় চূড়ান্ত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফলে দিল্লিতে গেলে তিনি সাধারণত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই সরাসরি বৈঠক করেন। অন্য পেশাদার কূটনীতিকদের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করার রীতি তার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও প্রতিবেদনে বলা হয়েছে। এবারও এর ব্যতিক্রম হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, তারেক রহমানের ভারত সফর নিয়ে এর আগে দুই দেশের মধ্যে আলোচনা অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার দাবিও দীর্ঘদিন ধরে দিল্লির বিবেচনায় রয়েছে। বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তির অন্যতম কারণ হয়ে আছে।
এ ছাড়া গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও দুই দেশের সরকারের মধ্যে আলোচনায় তেমন অগ্রগতি নেই। ৩০ বছর মেয়াদি গুরুত্বপূর্ণ এই পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরেই শেষ হওয়ার কথা রয়েছে।
