EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

তেল বিক্রিতে আশাবাদের কয়েক ঘণ্টা পরই ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ এএম

তেল বিক্রিতে আশাবাদের কয়েক ঘণ্টা পরই ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ

ছবি: সংগৃহীত

অ অ

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ইরানের জ্বালানিমন্ত্রী মহসেন পাকনেজাদ। পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির জন্য ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ বোভার্ডকে ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহদি তাবাতাবাই জানান, প্রেসিডেন্ট পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পাকনেজাদের পদত্যাগের খবরটি এমন সময়ে এলো, যখন এর কয়েক ঘণ্টা আগেই রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত এক বক্তব্যে তেল বিক্রি নিয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন তিনি। মহসেন পাকনেজাদ দাবি করেন, আন্তর্জাতিক বাধা ও নিষেধাজ্ঞার মধ্যেও তেল বিক্রির অর্থ যথাসময়ে ইরানের অর্থনীতিতে আসছে এবং ভবিষ্যতেও আসবে।


ফলে কয়েক ঘণ্টার ব্যবধানে তার পদত্যাগের ঘোষণা নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তিনি ঠিক কী কারণে পদ ছাড়লেন কিংবা তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়েছে কি না, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

হামিদ বোভার্ড এর আগে রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের তেল উত্তোলন ও সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রতিষ্ঠানটির।

২০২৪ সালের আগস্টে ইরানের জ্বালানিমন্ত্রীর দায়িত্ব নেন মহসেন পাকনেজাদ। তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের গুরুত্বপূর্ণ সদস্য ইরানের জ্বালানি খাতে নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করছিলেন তিনি।

দায়িত্ব নেওয়ার প্রায় দুই বছরের মাথায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ জ্বালানি সংকট এবং তেল রপ্তানি নিয়ে অনিশ্চয়তার মধ্যে তার পদত্যাগের ঘটনা সামনে এলো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন নিষেধাজ্ঞা, তেল সরবরাহে ক্রমাগত বিঘ্ন এবং তেল অবকাঠামোর নিরাপত্তা নিয়ে অভ্যন্তরীণ মতপার্থক্যের মতো বিষয়গুলো আকস্মিক এ রদবদলের পেছনে ভূমিকা রাখতে পারে। তবে এসব কারণের সঙ্গে পাকনেজাদের পদত্যাগের সরাসরি কোনো যোগসূত্র নিশ্চিত করা হয়নি।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন