সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া সমঝোতায় নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।
বার্তাসংস্থা নুরনিউজের রবিবারের (৪ অক্টোবর) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে নতুন একটি প্রস্তাব দিয়েছে। তবে একপাক্ষিক দাবি ও আলোচনার প্রক্রিয়া দীর্ঘায়িত করার সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকে থাকা সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না। এ বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট ও দৃঢ় বলেও জানান তিনি।
এর আগে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিরসনে তেহরান নতুন একটি প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটন প্রস্তাবটি গ্রহণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।
বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাঘচি বলেন, হরমুজ প্রণালি খোলার ক্ষেত্রে ইরানের শর্তগুলো যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানানো হয়েছে। এসব শর্ত পূরণ করলেই প্রণালিটি পুনরায় খোলার বিষয়ে অগ্রসর হবে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তাঁরা আশা করছেন যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নেবে। তবে ওয়াশিংটন যদি আবার সামরিক পদক্ষেপের দিকে যায়, তাহলে ইরানও তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত।
তিনি বলেন, সামরিক সমাধানের পথে যুক্তরাষ্ট্র এগোলে আগের চেয়ে আরও বেশি প্রস্তুতি নিয়ে নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ইরান।
সূত্র: নুরনিউজ