EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানে সাধারণ নাগরিকদের সেনা প্রশিক্ষণ শুরু

জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন প্রশিক্ষিতরা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম

ইরানে সাধারণ নাগরিকদের সেনা প্রশিক্ষণ শুরু
অ অ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সাধারণ নাগরিকদের রাষ্ট্রীয়ভাবে সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইরান। প্রশিক্ষণ নেওয়া নাগরিকরা ভবিষ্যতে জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।

রবিবার (৪ অক্টোবর) ‘জানফিদা’ ক্যাম্পেইনের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। রাজধানী তেহরানের তিনটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ‘জানফিদা’ শব্দের অর্থ আত্মোৎসর্গ বা নিজের জীবন উৎসর্গ করা।

ইরানের সেনাবাহিনীর প্রশিক্ষণ ও শিক্ষার উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আরিয়ান-নাজাদ জানান, সেনাবাহিনীর চারটি ইউনিটের সদস্যরা এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি বলেন, শুরুতে নাগরিকদের সাধারণ সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। পরে ধাপে ধাপে আরও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

ইরান এর আগে জানিয়েছিল, সংকটময় সময়ে দেশের জন্য কাজ করতে পারে—এমন অন্তত এক হাজার ‘জানফিদা’ ব্যাটালিয়ন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের।

এই উদ্যোগের সঙ্গে ইসলামিক বিপ্লবী গার্ড ও প্যারামিলিটারি বাহিনী বাসিজেরও সংশ্লিষ্টতা রয়েছে। গত সেপ্টেম্বরে বাসিজের তত্ত্বাবধানে তেহরানে ‘জানফিদা’ নামে একটি প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়। সেখানে সাধারণ মানুষকে সামরিক প্রস্তুতি, স্থানীয় নিরাপত্তা, নজরদারি, উদ্ধার অভিযান ও অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।

সামরিক সক্ষমতা বাড়ানো এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক নাগরিকদের প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলেও এ নিয়ে দেশটির ভেতরে প্রশ্নও উঠেছে। বিশেষ করে কারা এসব প্রশিক্ষণে অংশ নিচ্ছেন এবং এর মাধ্যমে কোনো সহায়ক সামরিক কাঠামো তৈরি করা হচ্ছে কি না—তা নিয়ে আলোচনা চলছে।

সূত্র: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি

আরও পড়ুন