নেপালে বন্যার ৩৭ দিন পর জীবিত উদ্ধার নিখোঁজ মালয়েশীয় নাগরিক
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম
নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ হওয়া ৫৫ মালয়েশীয় নাগরিকের একজনকে ৩৭ দিন পর জীবিত অবস্থায় পাওয়া গেছে। পরে তিনি নিরাপদে মালয়েশিয়ায় ফিরে পরিবারের সঙ্গে দেখা করেছেন।
শনিবার (৩ অক্টোবর) দ্য ইন্ডিপেনডেন্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিখোঁজ মালয়েশীয় নাগরিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (মাসফিহ) শুক্রবার বিষয়টি নিশ্চিত করে।
মাসফিহের মুখপাত্র মনিভান্নান রেথিনাম জানান, উদ্ধার হওয়া ব্যক্তি একজন চীনা-মালয়েশীয় নাগরিক। তিনি একাই নেপাল ভ্রমণে গিয়েছিলেন। দুর্যোগের পর তিনি নিজেই কাঠমান্ডুতে অবস্থিত মালয়েশীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন।
মনিভান্নান বলেন, ৩৭ দিন পর একজন নিখোঁজ মালয়েশীয় নাগরিককে নিরাপদে খুঁজে পাওয়ার ঘটনা অন্য নিখোঁজদের পরিবারের জন্য স্বস্তিদায়ক। এটি তাদের আশা জাগিয়েছে বলেও জানান তিনি।
স্বজনদের তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট বিকেল ৩টা ২৬ মিনিটে ওই ব্যক্তিকে নেপালের নাগথালি ভিউপয়েন্ট এলাকায় দেখা গিয়েছিল। পরদিন, ২৬ আগস্ট ওই এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধস আঘাত হানে।
দুর্যোগের কারণে এলাকার সড়ক ও সেতুগুলো ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ, পানি ও যোগাযোগব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ওই ব্যক্তি সাময়িকভাবে আটকা পড়েছিলেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
প্রতিবেদনে বলা হয়েছে, হিমালয়ের লাংটাং লিরুংয়ের কাছে হিমবাহ ধস ও তুষারধসের পর ওই এলাকায় ব্যাপক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। এতে নেপাল, তিব্বত ও চীনের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু মানুষ নিখোঁজ হন।
এদিকে নিখোঁজ ৫৫ মালয়েশীয় নাগরিকের স্বজনেরা নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের চেষ্টা করছেন। মনিভান্নান রেথিনাম বলেন, তাঁদের উদ্দেশ্য শুধু উদ্বেগের কথা জানানো নয়; বরং নিখোঁজদের উদ্ধারে গত কয়েক সপ্তাহে নেওয়া পদক্ষেপ এবং সামনে সরকারের করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া।
নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা আরও জোরদার এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।